ট্রাম্পের কৌতুকে হতবাক জাপানের প্রধানমন্ত্রী
ইরানে মার্কিন হামলার বিষয়ে জাপানকে আগে থেকে কেন জানানো হয়নি—সংবাদকর্মীদের এমন এক প্রশ্নের জবাবে পার্ল হারবার নিয়ে কৌতুক করে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে হতবাক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) ওয়াশিংটনের হোয়াইট হাউসে ওভাল অফিসে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন এই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর ইউকেভিত্তিক ডেইলি স্টারের।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ইরান আক্রমণের আগে যুক্তরাষ্ট্র কেন জাপানকে সতর্ক করেনি? জবাবে ট্রাম্প পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা কেন আমাকে পার্ল হারবার সম্পর্কে আগে জানাননি?’ এ সময় ট্রাম্পের পাশে থাকা মার্কিন কর্মকর্তারা মৃদু হাসলেও ২০ বছর পরের প্রজন্মে জন্ম নেওয়া জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দৃশ্যত স্তম্ভিত হয়ে যান। ট্রাম্প আরও যোগ করেন, ‘আকস্মিক আক্রমণ বা সারপ্রাইজ সম্পর্কে জাপানের চেয়ে ভালো আর কে জানে?’
১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে জাপানি নৌবাহিনীর অতর্কিত হামলার ৮৩ বছর পর ট্রাম্পের এমন মন্তব্য কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এমন এক সময়ে এই কৌতুকটি এল, যখন জাপানি প্রধানমন্ত্রী স্ট্রেট অব হরমুজ রক্ষা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন সফর করছেন।
বৈঠকে জাপানি প্রধানমন্ত্রী দোভাষীর মাধ্যমে ট্রাম্পকে একজন ‘শান্তিপ্রীয় নেতা’ হিসেবে অভিহিত করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার প্রশংসা করলেও, ট্রাম্পের এই অপ্রত্যাশিত রসিকতা বৈঠকের গাম্ভীর্যকে কিছুটা ম্লান করে দেয়। ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের পূর্বনির্ধারিত চীন সফর পিছিয়ে যাওয়ায় এই বৈঠকটি দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক