কাতার ও ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত
প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে কাতার ও ইউক্রেন। আজ শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই চুক্তির আওতায় বিশেষ করে মিসাইল ও ড্রোন সিস্টেম মোকাবিলায় উভয় দেশ নিজেদের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে দোহা সফরে রয়েছেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেন।
জেলেনস্কি জানিয়েছিলেন, তার প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সামরিক সরঞ্জামের সংকট তৈরি হয়েছে। ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। এই সময়ে কাতারের সঙ্গে ইউক্রেনের এই প্রতিরক্ষা চুক্তি কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে ইউক্রেন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তাদের সামরিক ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে চাইছে। বিশেষ করে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে কাতারের কারিগরি সহযোগিতা কিয়েভের জন্য সহায়ক হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক