হরমুজ প্রণালি না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’, হুঁশিয়ারি ট্রাম্পের
নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কঠোর ভাষায় এই হুমকি দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে। খবর আল জাজিরার।
গত ২৬ মার্চ ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দেন, যাতে করে এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ কার্যত অচল হয়ে পড়ে।
রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং সময়সীমার আগেই একটি সমঝোতা হতে পারে বলে তিনি আশাবাদী।
অন্যদিকে, ট্রাম্পের এই হুমকির তীব্র সমালোচনা করেছে তেহরান। জাতিসংঘে ইরানের মিশন এক বিবৃতিতে জানায়, বেসামরিক অবকাঠামোর ওপর হামলার হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবাই বলেন, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। ভবিষ্যতে প্রণালির ওপর নতুন নিয়ম আরোপ করে জাহাজ চলাচলে ফি নেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
মেহদি তাবাতাবাই ট্রাম্পের বক্তব্যকে ‘হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেন।
মনে করা হচ্ছে, হরমুজ প্রণালি নিয়ে এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে তিনি এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন। একই সঙ্গে তিনি ইরানে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের আহত ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধারের কথাও উল্লেখ করে অভিযানে অংশ নেওয়া বাহিনীর প্রশংসা করেন।

এনটিভি অনলাইন ডেস্ক