দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে কিছুই জানে না ইরান!
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় বৈঠকের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিপরীতে ভিন্ন সুর শোনা যাচ্ছে তেহরানের পক্ষ থেকে। আজ বুধবার (১৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ এক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, নতুন করে কোনো আলোচনার বিষয়ে তাদের কাছে ‘কোনো তথ্য নেই’। খবর বিবিসির।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী দুই দিনের মধ্যে ইসলামাবাদে ‘বিশেষ কিছু ঘটতে যাচ্ছে’। তবে ট্রাম্পের এই আশাবাদের কয়েক ঘণ্টা পরই ইরানি সূত্রটি জানায়, পাকিস্তানের মাধ্যমে তেহরানের সঙ্গে কিছু বার্তা আদান-প্রদান হলেও নতুন কোনো বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়। যুদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। এরপর ট্রাম্পের পক্ষ থেকে কঠোর নৌ-অবরোধের ঘোষণা পরিস্থিতির অবনতি ঘটায়।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী, আগামী বুধবার (২২ এপ্রিল) এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্প একটি ‘বড় ধরনের চুক্তি’ বা সমঝোতায় পৌঁছাতে চাইছেন। কিন্তু ইরানের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, পর্দার আড়ালের কূটনীতি এখনও চূড়ান্ত কোনো লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

এনটিভি অনলাইন ডেস্ক