ইরান-লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সেনাপ্রধানের
ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, লেবানন ও ইরান—উভয় অঞ্চলেই অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। খবর আল জাজিরার।
ইয়াল জামির দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে ইরানের ওপর কঠোর হামলা চালিয়ে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালি কিংবা আলোচনার টেবিল—কোনো ক্ষেত্রেই ইরানকে সফল হতে দেওয়া হবে না। আমরা জানি কীভাবে তাদের ওপর পুনরায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালাতে হয়।’
লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান জানান, দেশটির দক্ষিণে ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে ও উত্তর ইসরায়েলের বসতিগুলোর ওপর থেকে হুমকি দূর করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল ও শত্রুমুক্ত করা হচ্ছে।
ইসরায়েলের এমন হার্ডলাইন অবস্থানের মধ্যেই শান্তি আলোচনার প্রচেষ্টা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে গঠিত উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি এই সফর করছেন।
মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে তাদের নৌ অবরোধের ফলে সমুদ্রপথে ইরানের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অবরোধ অব্যাহত থাকলে তারা লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্য দিয়ে সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেবে।
মাঠপর্যায়ের এই চরম উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ এখন ‘প্রায় শেষের পথে’। আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক