‘চুক্তি না হলে যুদ্ধ আবার শুরু হবে’
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো কোনো বিভ্রান্তি নয়, বরং এটি তেহরানের একটি সুপরিকল্পিত কৌশল বলে দাবি করেছেন গবেষক মোহাম্মদ এসলামি। তেহরান বিশ্ববিদ্যালয়ের এই গবেষকের মতে, সংঘাত নিরসনে যদি দ্রুত কোনো চুক্তি না হয়, তবে পুরো অঞ্চলে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ এসলামি বলেন, ‘ইরান প্রণালিটি খোলার উদ্দেশ্যেই বন্ধ করেছিল; এটি আসলে আলোচনারই একটি অংশ।’ তাঁর মতে, আন্তর্জাতিক এই জলপথ নিয়ে তেহরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং তারা এটি আলোচনার টেবিলে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
ইরানি পণ্যবাহী জাহাজ জব্দের ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘মান রক্ষার চেষ্টা’ হিসেবে দেখছেন এসলামি। তিনি বলেন, ‘আমেরিকানরা নিজেদের সম্মান বাঁচাতে ইরানি জাহাজ জব্দ করার মতো পদক্ষেপ নিচ্ছে।’
তবে ইরানও যে বসে নেই, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) কর্তৃক মার্কিন সংশ্লিষ্ট জাহাজে প্রতিশোধমূলক হামলার খবরকে ইঙ্গিত করেন। তাঁর দাবি, ইরান কোনোভাবেই পিছু হটছে না।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এই গবেষক বলেন, এই যুদ্ধ শুরু করার সময় ওয়াশিংটনের কোনো সুস্পষ্ট কৌশল ছিল না। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে কূটনৈতিক সমাধান আসবে কি না—সে বিষয়েও তিনি যথেষ্ট সন্দিহান।
সাক্ষাৎকারের শেষে মোহাম্মদ এসলামি বলেন, ‘আমি এই আলোচনা নিয়ে খুব একটা আশাবাদী নই। যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে এই যুদ্ধ আবার শুরু হবে এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।’

এনটিভি অনলাইন ডেস্ক