আমরা ইরানে জিতছি, হরমুজ প্রণালি আমাদের দখলে : দাবি ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র জয় পাচ্ছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরের ‘হরমুজ প্রণালি’ এখন সম্পূর্ণরূপে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাম্প এ দাবি করেন।
ভাষণে দেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য ট্রাম্প পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও সবুজ জ্বালানি নীতিকে দায়ী করেন। তিনি দাবি করেন, তার বর্তমান প্রশাসন খাদ্যদ্রব্যসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত কমিয়ে এনেছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই বাজারে জ্বালানি তেলের দাম আবার লাফিয়ে কমে যাবে।
সংঘাতের পরিস্থিতি তুলে ধরে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প বলেন, আমরাই জিতব। আসলে আমরা এখনই জিতছি। হরমুজ প্রণালি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরের মধ্যকার এই গুরুত্বপূর্ণ জলপথের নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তামাশা করে ট্রাম্প আরও বলেন, আমি নিশ্চিত, আমার এই প্রস্তাবে ইরানের নেতৃত্ব অত্যন্ত আনন্দিত হবে।
ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে ট্রাম্প বলেন, ইরান গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে একচ্ছত্র দাদাগিরি বা জুলুম চালিয়ে আসছে। তবে তারা আর সেই জায়গায় নেই, তাদের সেই দাদাগিরি করার দিন শেষ হয়ে গেছে।
উলেখ্য, সম্প্রতি হরমুজ প্রণালিতে ড্রোন আটক, তেল ট্যাংকার ধ্বংস এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন আক্রমণাত্মক বক্তব্য এলো।

এনটিভি অনলাইন ডেস্ক