পাকিস্তানের ঘাঁটিতে ৬ মার্কিন সামরিক বিমানের অবতরণ
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির চূড়ান্ত আলোচনার লক্ষ্যে পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে অন্তত ছয়টি মার্কিন সামরিক বিমান। মার্কিন প্রতিনিধিদলের আনুষ্ঠানিক আগমনের আগেই প্রয়োজনীয় সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এই তোড়জোড় শুরু হয়েছে। খবর আল জাজিরার।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে গত ৪৮ ঘণ্টায় চারটি ও আজ সোমবার (২০ এপ্রিল) আরও দুটি মার্কিন সরকারি বিমান অবতরণ করেছে। এই বিমানগুলো মূলত উন্নত যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা ও প্রতিনিধিদলের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম বহন করে নিয়ে এসেছে। প্রয়োজনীয় সরঞ্জাম নামিয়ে দিয়ে বিমানগুলো ইতোমধ্যে ফিরে গেছে বলে জানা গেছে।
মার্কিন এই বিশাল প্রস্তুতি সত্ত্বেও আলোচনার টেবিল নিয়ে চরম অনিশ্চয়তা কাটছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পুনরায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করার পর তারা নতুন করে কোনো আলোচনায় বসতে রাজি নয়। তেহরান এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে দেখছে।
ইরানের অনড় অবস্থানের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এখন ইসলামাবাদের পথে রয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, আজই পাকিস্তানে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।
সম্ভাব্য এই শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে পুরো ইসলামাবাদ শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার শহরের বড় একটি অংশ অবরুদ্ধ করে প্রায় ২০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক