শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশায় বাড়ছে তেলের দাম, পুঁজিবাজারে পতন
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে অগ্রগতির অভাব, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ বজায় থাকায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে এবং বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
এই অচলাবস্থার প্রভাব এশিয়া ও ইউরোপের ইক্যুইটি মার্কেটগুলোতে স্পষ্ট দেখা গেছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় ১০৭ ডলারে পৌঁছেছে।
সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন শান্তি আলোচনার আশা দেখা দিলেও শেষ পর্যন্ত তা নেতিবাচকভাবে শেষ হতে যাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতির আশঙ্কা থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার হাতে যথেষ্ট সময় আছে।
শেয়ার কেনার মতো ইতিবাচক খবরের অভাবে বিনিয়োগকারীরা সপ্তাহ শেষ হওয়ার আগে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন। বিশেষ করে আগামী সপ্তাহে ওয়াল স্ট্রিটের টেক জায়ান্ট—অ্যালফাবেট, মেটা, মাইক্রোসফট, আমাজন এবং অ্যাপলের আয়ের প্রতিবেদন প্রকাশের আগে তারা কোনো ঝুঁকি নিতে চাইছেন না।
যুদ্ধের শুরুতে বড় লোকসানের পর বিশ্ব পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল, যেখানে প্রথম প্রান্তিকের আয় অনেক ক্ষেত্রে প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রবৃদ্ধির আশাবাদে চিপ নির্মাতারা ভালো পারফর্ম করছে।
স্যাক্সো ইউকের ইনভেস্টর স্ট্র্যাটেজিস্ট নিল উইলসন জানান, শুক্রবার সব খাতেই শেয়ারের দাম কমেছে এবং তেলের দাম বেড়েছে। কেননা, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে বাস্তব কোনো অগ্রগতি নেই।
সোমবার থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় এক-পঞ্চমাংশ বেড়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে যে, ২০২৭ সাল পর্যন্ত এলএনজি সরবরাহ সংকটে থাকতে পারে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই যাতায়াত করে।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির ব্যবসায়িক আস্থা ২০২০ সালের করোনা মহামারীর পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ইফোর কনফিডেন্স ব্যারোমিটার এপ্রিলে ৮৪.৪-এ নেমেছে, যা মার্চে ছিল ৮৬.৩।
ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর সারা ব্রিডেন জানিয়েছেন, বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলো একটি কারেকশন বা দরপতনের দিকে যাচ্ছে। তিনি বলেন, ‘বাজারে প্রচুর ঝুঁকি থাকা সত্ত্বেও সম্পদের দাম বর্তমানে রেকর্ড উচ্চতায় রয়েছে। আমরা আশা করছি, যে কোনো সময় এটি সমন্বয় হবে।’

এনটিভি অনলাইন ডেস্ক