ক্ষেপণাস্ত্র-ড্রোনসহ এক হাজার ধরনের অস্ত্র উৎপাদন করে ইরান
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ সত্ত্বেও এখনও দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশ অবশিষ্ট রয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামসহ দেশীয়ভাবে এক হাজারের বেশি ধরনের অস্ত্র উৎপাদন করে ইরান।
আজ শনিবার (২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানায় ডয়চে ভেলে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাই-নিক আরও বলেন, ইরানের অস্ত্র শিল্প দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য ও গোপনে উৎপাদন অব্যাহত রেখেছে।
তালাই-নিক বলেন, ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামসহ দেশীয়ভাবে এক হাজারের বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে।
ইরানের অস্ত্রাগার ও উৎপাদন সম্পর্কে তথ্য স্বাধীনভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি সংবাদমাধ্যমগুলোর। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সংঘাত চলাকালে দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে এবং দেশটির উৎপাদন কেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক