খুব শিগগিরই কিউবা দখল করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই কিউবা ‘দখল’ করবে। স্থানীয় সময় শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিউবা, যেটি আমরা খুব দ্রুতই নিয়ন্ত্রণে নেব।
ট্রাম্প দাবি করেন, দেশটি নানা সমস্যায় জর্জরিত এবং যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনেই তারা আত্মসমর্পণ করবে। খবর আনাদোলুর।
ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান যুদ্ধ শেষে ফেরার পথে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হতে পারে। তিনি উদাহরণ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাম উল্লেখ করেন।
তার ভাষায়, উপকূলের কাছে অবস্থান নিলেই কিউবা আত্মসমর্পণ করবে। তারা বলবে- ধন্যবাদ, আমরা হাল ছেড়ে দিচ্ছি।
একই দিনে ট্রাম্প কিউবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প বারবার বলেন, ইরানে সামরিক অভিযানের পর কিউবাই হবে পরবর্তী লক্ষ্য। তার দাবি, খুব শিগগিরই দেশটি ‘ব্যর্থ’ হয়ে পড়বে।
এদিকে, ট্রাম্পের এমন বক্তব্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি স্বাধীন দেশ দখলের প্রকাশ্য হুমকি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলেও তারা মনে করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক