স্বর্ণের দামে বড় পতন
ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিশ্ব অর্থনীতির অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ঘটেছে। সোমবার (৪ মে) ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করার পর বিশ্ববাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়ে উঠেছে, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর ওপর। খবর রয়টার্সের।
মূলত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা বাজারে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে।
মুদ্রাস্ফীতির এই আশঙ্কায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্কলেসসহ বেশ কিছু ব্রোকারেজ সংস্থা মনে করছে, এ বছর সুদের হার কমানোর কোনো সম্ভাবনা নেই। সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে অন্য খাতে বিনিয়োগে বেশি আগ্রহী হন, কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো মুনাফা বা সুদ পাওয়া যায় না।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে চার হাজার ৫৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দাম ১.৯ শতাংশ, প্ল্যাটিনামের দাম ০.৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২.৪ শতাংশ হ্রাস পেয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চার হাজার ২০০ ডলারের আশেপাশে স্বর্ণের একটি শক্তিশালী অবস্থান থাকলেও বর্তমান অনিশ্চয়তা ও সুদের হার বৃদ্ধির ভয়ে অনেক ব্যবসায়ী স্বল্প মেয়াদে তাদের হাতে থাকা স্বর্ণ বিক্রি করে দিতে পারেন।

এনটিভি অনলাইন ডেস্ক