শির ‘অবনতিশীল জাতি’ মন্তব্য আমাকে নয় বাইডেনের উদ্দেশে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যখন যুক্তরাষ্ট্রকে ‘অবনতিশীল জাতি‘ হিসেবে অভিহিত করেছিলেন, তখন তিনি মূলত জো বাইডেনের শাসনামলের কথা বুঝিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে‘ দেওয়া পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।
ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট শি যখন অত্যন্ত মার্জিতভাবে যুক্তরাষ্ট্রকে সম্ভবত একটি নিম্নগামী জাতি হিসেবে উল্লেখ করেছিলেন, তখন তিনি মূলত ‘স্লিপি জো বাইডেনের‘ চার বছরে যুক্তরাষ্ট্রের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেদিকেই ইঙ্গিত করেছেন। ট্রাম্পের মতে, বাইডেনের আমলে খোলা সীমান্ত, উচ্চ কর হার, খেলাধুলায় লিঙ্গ সমতার বিতর্কিত নীতি এবং দুর্বল বাণিজ্য চুক্তির কারণে আমেরিকা পিছিয়ে পড়েছিল।
তবে বর্তমান পরিস্থিতির আমূল পরিবর্তনের দাবি জানিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা এখন বিশ্বের সবচেয়ে ‘হটেস্ট’ বা আকর্ষণীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। নিজের সাফল্যের প্রমাণ হিসেবে তিনি শেয়ার বাজারের রেকর্ড উচ্চতা, ইরানের সামরিক শক্তি ধ্বংস করা ও যুক্তরাষ্ট্রে বাইরের দেশগুলো থেকে রেকর্ড ১৮ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের তথ্য তুলে ধরেন।
ট্রাম্প আরও দাবি করেছেন, চীনা প্রেসিডেন্টও তার এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতি দিয়েছেন। এত অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের এই বিশাল অর্জনের জন্য তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন শি জিনপিং। পোস্টের শেষে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামীতে আগের চেয়ে আরও শক্তিশালী এবং উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনটিভি অনলাইন ডেস্ক