ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও-এর উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে ভূমিকম্পটি আঘাত হানে। খবর আল জাজিরার।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ২ বলে ধারণা করা হলেও পরে মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র সেটি সংশোধন করে ৭.৮ নির্ধারণ করে। সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো সুনামি হুমকি নেই।
ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্তৃপক্ষ সম্ভাব্য বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করে এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়।
ফিলিপাইনের ফিলিপাইন আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাওই-তাওই ও সুলুসহ অন্তত নয়টি প্রদেশের উপকূলীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা ভেতরের নিরাপদ এলাকায় চলে যেতে হবে।
সংস্থাটি আরও বলেছে, বন্দর, মোহনা বা অগভীর উপকূলীয় এলাকায় থাকা নৌযানের মালিকদের নৌকা নিরাপদে সরিয়ে নিতে হবে এবং উপকূল থেকে দূরে থাকতে হবে। যেসব নৌযান ইতোমধ্যে সমুদ্রে রয়েছে, সেগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় জনগণকে সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক