টাইমস স্কোয়ারে প্রকাশ্যে গুলিবর্ষণ, রোমহর্ষক বর্ণনা প্রত্যক্ষদর্শীদের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও রোমহর্ষক বিবরণ সামনে আসছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশ্য দিবালোকে ব্রডওয়েতে একদল মানুষের মধ্যে তুমুল হট্টগোলের জের ধরে এই বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। সিসিটিভি ও ওয়েবক্যাম ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরিহিত অন্তত দুজন ব্যক্তি জনাকীর্ণ মোড়ের মাঝখানে এসে আচমকা হ্যান্ডগান উঁচিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। খবর ফার্স্টপোস্টের।
ঘটনাস্থলে উপস্থিত সিবিএস নিউজের এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ কাঁচ ভেঙে পড়ার মতো বিকট শব্দ শুনতে পাই। এরপরই দেখি একঝাঁক মানুষ হুড়োহুড়ি করে দিগ্বিদিক পালাচ্ছে। আতঙ্কে অনেক শিশু মেঝেতে পড়ে গিয়েছিল। নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দিয়ে বলেন, টানা পাঁচটি গুলির শব্দ হলো- ব্যাং ব্যাং ব্যাং ব্যাং ব্যাং! মুহূর্তের মধ্যে সবাই নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে শুরু করল। তবে পুলিশ খুব দ্রুত হামলাকারীকে ধরে ফেলার পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।
সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় বন্দুকধারীর পালানোর সময়। ঘটনাস্থলের মাত্র কয়েক গজ দূরেই পুলিশের একটি গাড়ি পার্ক করা ছিল। গুলির পরপরই ১৭ বছর বয়সী এক বন্দুকধারী উদ্দেশ্যহীনভাবে দৌড়াতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত, সে সরাসরি সামনে থাকা একজন পুলিশ অফিসারের গায়ের ওপর গিয়ে আছড়ে পড়ে। অফিসারটি তাৎক্ষণিকভাবে তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ এখন সিসিটিভি ফুটেজ দেখে কালো পোশাক পরিহিত দ্বিতীয় হামলাকারীসহ বাকি সন্দেহভাজনদের খুঁজছে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, গুলিতে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনার দিন এনবিএ বাস্কেটবল চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকসের বিজয়ী প্যারেড ও ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টাইমস স্কোয়ারে সাধারণ মানুষের রেকর্ডসংখ্যক উপস্থিতি ছিল। কড়া নিরাপত্তার মধ্যেও এমন ঘটনা মার্কিন জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এটি মূলত এক সপ্তাহের মধ্যে টাইমস স্কোয়ারে দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। এর আগে গত ১৪ জুন রাত ২টার দিকে একই এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে একজন ১৭ বছরের কিশোর পায়ে গুলিবিদ্ধ হয়েছিল।
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে লোকজন চলাচল করছে। বৃহস্পতিবার বিকেলে বিগ অ্যাপলের এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটিতে গুলির শব্দ শোনা যায়।

এনটিভি অনলাইন ডেস্ক