যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘ইতোমধ্যেই ভেঙে পড়ছে’, ট্রাম্পকে নিশানা ডেমোক্র্যাটদের
ইরানের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলকে আবারও তীব্র সমালোচনার মুখে ফেলেছে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা। তাদের দাবি, ট্রাম্প যে যুদ্ধবিরতিকে ‘চুক্তি’ হিসেবে তুলে ধরছেন, তা ইতোমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে।
মেরিল্যান্ডের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জনি ওলসজেউস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ট্রাম্পের ‘পছন্দের যুদ্ধ’ ছিল একটি বিপর্যয় এবং ইরানের সঙ্গে হওয়া সমঝোতাও দ্রুত ভেঙে পড়ছে।
জনি ওলসজেউস্কি লিখেছেন, চুক্তির মোড়কে উপস্থাপিত যুদ্ধবিরতি ইতোমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে। আমেরিকান জনগণ এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য। খবর আল জাজিরার
অন্যদিকে, কংগ্রেস সদস্য প্রমিলা জয়াপাল অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য অর্থ জোগাড় করতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য কর্মসূচি মেডিকেয়ারের বাজেট কমিয়েছে।
জয়াপাল বলেন, তারা জানে জনগণ কী চায়। কিন্তু তারা জনগণের জন্য কাজ করছে না, অন্য কারও জন্য কাজ করছে।
ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বাস্তবে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক