সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু, মধ্যস্থতায় কারা?
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, সুইজারল্যান্ডের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। খবর আল জাজিরার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছে, এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মাধ্যমে দুই দেশ একটি ব্যাপক ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে, যা পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব শর্ত পূরণ করবে।
সুইজারল্যান্ডে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রতিনিধিদলটি জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য হলো- যুদ্ধ অবসান সংক্রান্ত চুক্তির শর্তগুলো যেন সব পক্ষ পুরোপুরি বাস্তবায়ন করে, তা নিশ্চিত করা।
লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে ইরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করে জানিয়েছে, জলপথটি সব ধরনের বাণিজ্যিক ও নৌযানের চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত রয়েছে।
কাগজে-কলমে ‘যুদ্ধবিরতি’ থাকলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় গত কয়েক দিনে আরও কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর পাল্টা হামলায় অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত ও ২০ জন আহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক