৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধে ইরান জয়ী
ইরানের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতাকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরায়েলি। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলির বিশ্বাস করে এই সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে ইরান।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত পরিচালিত জরিপে ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও ৯৩ দশমিক ১ শতাংশ মনে করেন, যুদ্ধে ইরানই জয়ী হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
জরিপ অনুযায়ী, ৮২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানের বিরুদ্ধে ছয় সপ্তাহের সামরিক অভিযান দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করেছে। এছাড়া ৮৬ শতাংশ ইসরায়েলি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেরুজালেমকে বাইরে রেখে হওয়া চুক্তির ফলাফলকে নেতিবাচকভাবে দেখছেন।
অন্যদিকে, ৮৭ দশমিক ৮ শতাংশ উত্তরদাতার মতে, ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য—ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল এবং সরকার পরিবর্তনের উদ্দেশ্য—পুরোপুরি বা আংশিকভাবে অর্জন করতে ব্যর্থ হয়েছে।
জরিপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রতিও আস্থাহীনতার চিত্র উঠে এসেছে। ৭২ দশমিক ৫ শতাংশ ইসরায়েলি তার এই দাবি বিশ্বাস করেন না যে, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং অস্তিত্বগত হুমকি দূর করতে পেরেছে। ৫৬ দশমিক ৪ শতাংশ তার যুদ্ধ পরিচালনাকে ‘ব্যর্থ’ বা ‘খারাপ’ হিসেবে মূল্যায়ন করেছেন।
মাত্র ২৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনাকে ‘ভালো’ বা ‘চমৎকার’ বলে মনে করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি সমর্থন মার্চ মাসের ৪০ দশমিক ৫ শতাংশ থেকে জুনে নেমে এসেছে ২৯ দশমিক ৪ শতাংশে।
জরিপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে। ৬৯ দশমিক ১ শতাংশ ইসরায়েলি তার যুদ্ধ পরিচালনাকে ‘ব্যর্থ’ বা ‘খারাপ’ বলে মনে করেন। মাত্র ১০ দশমিক ৮ শতাংশ ট্রাম্পের ভূমিকার প্রতি ইতিবাচক মূল্যায়ন দিয়েছেন।
তবে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে এখনও উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি মনে করেন, প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও বৈরুতে হামলাসহ বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা উচিত।
এদিকে, গাজা ও লেবাননে ইসরায়েলের তথাকথিত ‘পূর্ণ বিজয়’ অর্জনের দাবিও জনসমর্থন পায়নি। মাত্র ১২ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মনে করেন, হামাসকে ক্ষমতাচ্যুত করা, জিম্মিদের মুক্ত করা এবং হিজবুল্লাহর হুমকি দূর করার লক্ষ্য অধিকাংশ ক্ষেত্রে পূরণ হয়েছে। বিপরীতে ৬১ দশমিক ৩ শতাংশের মতে, এসব লক্ষ্য একেবারেই অর্জিত হয়নি।
৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার ভিত্তিতে পরিচালিত এ জরিপে ত্রুটির সম্ভাবনা ২ দশমিক ২ শতাংশ বলে জানিয়েছেন গবেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক