ভূমিকম্প বিপর্যস্ত দেশটিতে ফ্রি ইন্টারনেট দিচ্ছে স্টারলিঙ্ক
ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা সচল করতে এগিয়ে এসেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিঙ্ক। মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের অধীনস্থ এই প্রতিষ্ঠানটি ভূমিকম্প-কবলিত ভেনেজুয়েলার সাধারণ ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এক মাসের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে কোম্পানিটি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। স্টারলিঙ্ক জানিয়েছে, ফ্রি ইন্টারনেট দেওয়ার পাশাপাশি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও লণ্ডভণ্ড হয়ে যাওয়া এলাকাগুলোতে দ্রুত ইন্টারনেট সংযোগ ফিরিয়ে আনতে তারা কাজ করে যাচ্ছে। খবর আলজাজিরার।
দূর্যোগকবলিত অঞ্চলে নেটওয়ার্ক সচল করতে ইতোমধ্যেই মাঠে নেমেছে তাদের কারিগরি দল। প্রতিষ্ঠানটি তাদের পোস্টে উল্লেখ করেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত স্টারলিঙ্ক টার্মিনাল স্থাপন ও ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করতে আমরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছি।
সাধারণত যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল টাওয়ার বা মাটির নিচের অপটিক্যাল ফাইবার কেবলের মতো প্রচলিত যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়ে। ফলে মোবাইল নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন সেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এমন পরিস্থিতিতে যেকোনো বিপর্যয় অঞ্চলের উদ্ধারকাজে ও জরুরি সমন্বয়ে স্টারলিঙ্কের এই স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, বেসামরিক ও মানবিক সহায়তার পাশাপাশি এই প্রযুক্তির বিশেষ সামরিক ও গোয়েন্দা ব্যবহারিক উপযোগিতাও রয়েছে। ভেনেজুয়েলার আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার এই ক্রান্তিকালে স্টারলিঙ্কের এই ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট সেবা উদ্ধারকর্মী ও সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এনটিভি অনলাইন ডেস্ক