যুদ্ধের আগের অবস্থায় ফিরল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের জেরে রেকর্ড মূল্যবৃদ্ধির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টা সফল হওয়ার আশাবাদ এবং কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় তেলের বাজারে এই বড় দরপতন ও স্থিতিশীলতা দেখা গেছে। খবর রয়টার্সের।
আজ শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৩৭ মিনিটে বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৭১.৮৭ মার্কিন ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৮.৬৩ ডলারে লেনদেন হচ্ছে। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, চলতি সপ্তাহের কার্যদিবসগুলোতে দুই বেঞ্চমার্কেরই দাম কমে গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে যুদ্ধ শুরু হওয়ার আগের স্তরে গিয়ে ঠেকেছে। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন।
খনিজ তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল উৎপাদন ও রপ্তানি বাড়াতে শুরু করেছে। যা বাজারে দাম কমার পেছনে মূল ভূমিকা রেখেছে। মে মাসের তুলনায় জুন মাসে কুয়েতের দৈনিক তেল উৎপাদন এক লাফে প্রায় তিন গুণ বেড়ে ১৬ লাখ ৫০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরবের পাঁচটি সুপারট্যাংকার ইতোমধ্যেই হরমুজ প্রণালি পার হয়েছে। বাজারে তেলের সরবরাহ দ্রুত বাড়ায় ও ভবিষ্যৎ সংকটের আশঙ্কা কেটে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের এই নিম্নমুখী ও স্থিতিশীল প্রবণতা বজায় রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক