ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের ভয়, মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরামর্শ
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে মার্কিন সামরিক সক্ষমতা ও সম্পদ রক্ষা করতে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো দ্রুত ইসরায়েলে স্থানান্তরিত করা উচিত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাবেক প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি গত সপ্তাহে একটি ওয়েবিনার বা অনলাইন সেমিনারে অংশ নিয়ে এই পরামর্শ দিয়েছেন। খবর মিডল ইস্ট আইয়ের।
ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ‘জিউইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার’ এক সভায় জেনারেল ম্যাকেঞ্জি কাতারের ‘আল-উদেইদ’ বিমান ঘাঁটিকে ইঙ্গিত করে বলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই সেন্টকমের অগ্রবর্তী বা প্রধান সদর দপ্তর ইরান থেকে মাত্র ১০০ মাইল দূরে (কাতারে) স্থাপন করবে না, অথচ বর্তমানে সেটি সেখানেই রয়েছে।
জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি ২০১৯ সালের ২৮ মার্চ থেকে ২০২২ সালের ১ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ নীতি-নির্ধারক ও কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, দায়িত্ব পালনকালেই ২০২২ সালে তিনি এবং তার শীর্ষ সামরিক কর্মকর্তারা বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন- সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বর্তমান বিন্যাস ও অবস্থান ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ।
ম্যাকেঞ্জি যুক্তি দেন, ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চার মাসের রক্তক্ষয়ী সংঘাত ও বিমান হামলার অভিজ্ঞতা প্রমাণ করেছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো তেহরানের একেবারে নাগালের মধ্যে। তাই মার্কিন সেনাদের সুরক্ষায় এই অঞ্চলের ঘাঁটিগুলোকে আরও পশ্চিমের দিকে, বিশেষ করে ইসরায়েল এবং তার আশপাশের নিরাপদ বন্ধুভাবাপন্ন দেশগুলোতে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদে ইরানের আকাশপথের সামরিক শক্তির মোকাবিলা করতে এই কৌশলগত স্থানান্তর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে উঠেছে বলে মনে করছেন এই সাবেক জেনারেল।

এনটিভি অনলাইন ডেস্ক