হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কারে হামলার কারণ জানাল ইরানি গণমাধ্যম
হরমুজ প্রণালির ওমান অংশে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার নেপথ্য কারণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘আইআরআইবি’ জানিয়েছে, বারংবার দেওয়া সতর্কতা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর সহায়তায় একটি নির্দিষ্ট রুট ব্যবহারের চেষ্টার কারণেই ওই তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
বেনামী সূত্রের বরাত দিয়ে আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত জাহাজটি মার্কিন নৌবাহিনীর সরাসরি মদদে ও সমর্থন নিয়ে হরমুজ প্রণালির ওমানি রুট দিয়ে পার হওয়ার পরিকল্পনা করছিল। ইরানের পক্ষ থেকে জাহাজটিকে বারবার সতর্কবার্তা পাঠানো হলেও তা অবজ্ঞা করায় এই হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর এখন পর্যন্ত ইরানের সামরিক বা বেসামরিক প্রশাসনের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, ওমান উপকূলে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে সরাসরি ইরান দায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা আরও ইঙ্গিত দিয়েছেন, একই রাতে আরও একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় দুটি জাহাজই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালি ও ওমান সাগরের এই নয়া উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক