একাধিক বিস্ফোরণে কাঁপল সিরিয়ার রাজধানী দামেস্ক
সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) শহরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে রাজধানীর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। হতাহতেরও কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
আল জাজিরার দামেস্ক প্রতিনিধি জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সফর উপলক্ষে যে হোটেলে তার অবস্থানের কথা ছিল, সেই হোটেলের কাছাকাছি এলাকায় অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয় এবং পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পাশাপাশি এটি হামলা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়েও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

এনটিভি অনলাইন ডেস্ক