খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল আহমদ ওয়াহিদি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি হত্যার তীব্র প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেছেন, এই অপরাধ কখনোই ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার (৯ জুলাই) খামেনির নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার পর আইআরজিসির পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হলো। গত ফেব্রুয়ারি মাসে সপরিবারে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার চার মাস পর তাকে সমাহিত করা হয়।
আইআরজিসির বার্তা সংস্থা ‘সেপাহ নিউজে‘ প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল ওয়াহিদি পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ’
বিশেষ করে মার্কিন সামরিক বাহিনীকে ‘শিশু-হত্যাকারী সেনাবাহিনী‘ হিসেবে আখ্যা দিয়ে জেনারেল ওয়াহিদি তীব্র ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলেন, আমেরিকার অপরাধী নেতৃবৃন্দ এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের (রেজিস্ট্যান্স ফ্রন্ট) সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত, এই ঐশ্বরিক নেতাকে কাপুরুষের মতো হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে আনতে পারবে না।
আহমদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং এই হত্যাকাণ্ডের কুশীলব ও পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া ইরানের ‘বৈধ ও অবিস্মরণীয় দাবি‘ হিসেবে বহাল থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনীর প্রধানের এই ধরনের সরাসরি বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন-ইরান উত্তেজনা ও যুদ্ধের আবহাওয়াকে আরও দীর্ঘায়িত করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক