বেইজিং ছেড়ে চীনের তরুণরা যেভাবে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে
কয়েক শতক ধরে বেইজিং শহর চীনের বুকে উচ্চাকাঙ্ক্ষার এক পরম প্রতীক হয়ে রয়েছে। রাজকীয় রাজধানী হোক বা আধুনিক চীনের রাজনীতির কেন্দ্র হোক, উন্নত জীবনের আশায় এই শহর দীর্ঘকাল ধরে মানুষকে আকর্ষণ করে আসছে।
মধ্যযুগে পণ্ডিতরা রাজকীয় পরীক্ষায় বসার জন্য বেইজিংয়ে আসতেন। আর সাম্প্রতিক দশকগুলোতে চীনের অর্থনীতির অভাবনীয় প্রসারের সঙ্গে সঙ্গে পেশাগত সুযোগের সন্ধানে স্নাতক, উদ্যোক্তা ও অভিবাসী শ্রমিকরা চীনের রাজধানীতে ভিড় জমিয়েছেন।
২৯ বছর বয়সী ওয়াং লেই ছিলেন তেমনই একজন। প্রতিবেশী হেবেই প্রদেশে জন্ম নেওয়া ওয়াংয়ের এখনো শৈশবে প্রথমবার রাজধানীতে আসার কথা স্পষ্টভাবে মনে আছে। ওয়াং স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যখন বেইজিং রেলওয়ে স্টেশনে পৌঁছালাম, আমি আর আমার বন্ধু প্রথমবার একটি বিশাল আকাশচুম্বী দালান দেখতে পেয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, বড় হয়ে আমি ওই ভবনের চূড়ায় গিয়ে দাঁড়াব।’
২০২০ সালে ওয়াং লেই এই শহরে চলে আসেন এবং আবাসন (রিয়েল এস্টেট) খাতে কাজ শুরু করেন, যা সে সময় চীনের অন্যতম লাভজনক একটি ব্যবসা ছিল। লাখো মানুষের মতো ওয়াংও এই আশায় এসেছিলেন যে তার কঠোর পরিশ্রমের উপযুক্ত মূল্য মিলবে এই শহরে।
কিন্তু ছয় বছর পর, সেই স্বপ্ন আজ ধূলিসাৎ-এবং ওয়াং বিশ্বাস করেন, তার ভবিষ্যৎ এখন একসময় গভীরভাবে মুগ্ধ করা বেইজিং শহরের বাইরেই পড়ে রয়েছে।
অভিবাসীদের শহর
চীনের অলৌকিক অর্থনৈতিক অগ্রগতি গড়ে উঠেছিল মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম অভ্যন্তরীণ অভিবাসনের ওপর ভিত্তি করে। কোটি কোটি মানুষ তাদের গ্রাম ও ছোট শহর ছেড়ে দ্রুত বর্ধনশীল নগর কেন্দ্রগুলোতে পাড়ি জমিয়েছিল। জনসংখ্যার এই নগরমুখী প্রবাহ দশকের পর দশক ধরে দেশটির অসাধারণ প্রবৃদ্ধিকে টিকিয়ে রেখেছিল।
বেইজিংয়ের চেয়ে এই রূপান্তরের বড় প্রতীক খুব কম জায়গাই হতে পেরেছে। ১৯৯০ সালের পর থেকে এখানকার জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে প্রায় ১ কোটি ১০ লাখ থেকে বেড়ে প্রায় ২ কোটি ২০ লাখে পৌঁছেছে। প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষের কাছে কেবল বেইজিংয়ের একটি স্থায়ী ঠিকানা থাকাটাই ছিল সাফল্যের প্রতীক।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একটি বড় পরিবর্তন এসেছে। চীনের আপাতদৃষ্টিতে অপ্রতিরোধ্য দ্বিগুণ অঙ্কের (ডাবল-ডিজিট) প্রবৃদ্ধি ধীর গতির হয়ে এমন এক পর্যায়ে নেমে এসেছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। আবাসন খাতের সংকট (যা একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি ছিল) এবং করোনাভাইরাস মহামারীর জোড়া ধাক্কা ব্যবসা ও ভোক্তাদের আত্মবিশ্বাসে বড় আঘাত হেনেছে।
যে পরিবারগুলো তাদের সঞ্চয়ের সিংহভাগ আবাসনে বিনিয়োগ করেছিল, তারা বাড়ির দাম কমে যেতে দেখে নিজেদের হঠাৎ দরিদ্র অনুভব করতে শুরু করে। কোভিড-১৯ এবং এর পরবর্তী বিধিনিষেধ মানুষকে শিখিয়েছে যে, দুর্দিনের জন্য সঞ্চয় করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। মানুষ খরচ করা কমিয়ে দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ কাজ বন্ধ করে দেয়। ফলে চাকরির বাজার সংকুচিত হয়ে পড়ে।
এর ফলে ওয়াং লেইয়ের বেইজিংয়ে বড় কিছু করার পরিকল্পনাও দ্রুত ভেস্তে যায়। তিনি বলেন, ‘আবাসন বাজারের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। মানসিক চাপ ছিল তীব্র, তাই আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।’
ওয়াং বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন এবং বন্ধুদের সঙ্গে যৌথ মালিকানায় একটি ছোট পানশালা চালাচ্ছেন। এই কাজে স্বাধীনতা বেশি থাকলেও আর্থিক বাস্তবতা এখনো বেশ কঠিন।
ওয়াং লেই বলেন, ‘আমার চারপাশের সহকর্মী ও বন্ধুরা অনেকেই একই ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের আয় কোনোভাবেই ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ওপর যদি ঘোরাফেরা, ঘর ভাড়া এবং মাঝেমধ্যে ভ্রমণের খরচ যোগ করা হয়, তবে সেই টাকা একেবারেই অপ্রতুল।’
বেইজিং থেকে পালানো
চীনের সোশ্যাল মিডিয়ায় ‘বেইজিং থেকে পালানো’ হ্যাশট্যাগযুক্ত পোস্টগুলো ব্যাপক সাড়া ফেলছে, যেখানে তরুণরা রাজধানী ছাড়ার সিদ্ধান্তের কথা শেয়ার করছে।
অনেকেই একই কারণগুলো তুলে ধরছেন এভাবে যে, আকাশচুম্বী আবাসন খরচ, পেশাগত ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা ও ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা- এই শহর ছাড়ার অন্যতম কারণ।
ওয়াংয়ের জন্য এই প্রশ্নটি দিন দিন আরও বাস্তবমুখী হয়ে উঠছে। তিনি বলেন, ‘আমি যদি একই পরিমাণ টাকা অন্য কোনো শহরে খরচ করি, তবে হয়তো আরও উন্নত জীবনযাপন করতে পারব।’
তবে এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়। ওয়াং স্বীকার করেন, শহর ছেড়ে চলে যাওয়ার সাথে একটি সামাজিক কলঙ্ক জড়িয়ে রয়েছে। কেননা এটি ব্যর্থতা এবং সম্মানহানির ইঙ্গিত দেয়।
তবে ওয়াং মনে করেন, এই মানসিকতা বদলাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তারা এমন একটি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে যেখানে তাদের মতে সাফল্যের মূল্য অনেক বেশি হয়ে গেছে।
বছরের পর বছর ধরে, চীনের ‘৯৯৬ কর্মসংস্কৃতি’ অর্থাৎ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত, সপ্তাহে ৬ দিন কাজ করার বিষয়কে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য একটি প্রয়োজনীয় ত্যাগ হিসেবে দেখা হতো। আলিবাবার মতো টেক জায়ান্টের প্রতিষ্ঠাতা বিলিওনিয়ার জ্যাক মা-র মতো ব্যক্তিত্বরা এই ধারণার প্রশংসা করেছিলেন, যিনি শূন্য থেকে নিজের ভাগ্য ও কোম্পানি গড়ে তুলেছিলেন।
চীনের প্রবীণ প্রজন্ম টিকে থাকার এবং সমৃদ্ধি অর্জনের জন্য ‘চি কু’ বা কষ্ট সহ্য করার ক্ষমতার কথা গর্বের সঙ্গে বলে থাকেন। তবে ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দিন দিন তীব্র হতে থাকা প্রতিযোগিতা এই হিসাব-নিকাশ বদলে দিয়েছে। জন্ম দিয়েছে ‘তাং পিং’ বা শুয়ে থাকার প্রবণতার।
২০২১ সালে এই শব্দটির উৎপত্তি হয় এমন তরুণদের বর্ণনা করতে যারা তীব্র প্রতিযোগিতা প্রত্যাখ্যান করে এবং অন্তহীন উচ্চ বেতন বা সাফল্যের ঐতিহ্যবাহী মাপকাঠিগুলো পেছনে না ছুটে সহজ-সরল জীবন বেছে নেয়।
সাফল্যের নতুন সংজ্ঞা
এই বিকল্পটি ওয়াংয়ের কাছে দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে, যার অনেক বন্ধুই ইতিমধ্যে রাজধানী ছেড়ে চলে গেছেন। তিনি বলেন, ‘আমি বুঝতে পেরেছি, বেইজিং ছেড়ে অন্য শহরে চলে যাওয়া বন্ধুরা আমার চেয়ে বেশি সুখে আছে। তাদের চাপ ও উদ্বেগ অনেক কম। আমার জীবন তাদের মতো এত স্বস্তিদায়ক বা স্বাধীন নয়।’
শহর ছেড়ে যাওয়া মানেই উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা—এই ধারণাকে ওয়াং লেই নাকচ করে দেন। তিনি বলেন, ‘অবশ্যই কিছু তরুণ আছে যারা কঠোর পরিশ্রম করতে চায় না, তবে এমন অনেকেই আছে যারা চায়। আমাদের কেবল আজকের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
ওয়াংয়ের জন্য বেইজিং ছেড়ে যাওয়ার অর্থ হবে এটি মেনে নেওয়া যে তার শৈশবের স্বপ্ন বদলে গেছে। তিনি এই বিশ্বাস নিয়ে বড় হয়েছিলেন যে সাফল্য মানে চীনের সবচেয়ে বড় শহরের শীর্ষে পৌঁছানো। কিন্তু এখন তিনি মনে করেন, সাফল্য হলো এমন একটি জায়গা খুঁজে নেওয়া যেখানে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং একটি টেকসই ও সুন্দর জীবন গড়ে তুলতে পারবেন।

এনটিভি অনলাইন ডেস্ক