কিয়েভের কাছে অস্ত্রাগারে ভয়াবহ রুশ হামলায় নিহত ৩৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে একটি অস্ত্রাগারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া৷ এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন৷ চলতি বছরের অন্যতম প্রাণঘাতী এই হামলাটি দুই মাসেরও কম সময়ের মধ্যে কিয়েভের কাছাকাছি থাকা অস্ত্রাগারে দ্বিতীয়বার ঘটল৷
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স প্ল্যাটফর্মে এক ভিডিওবার্তায় বলেন, ‘‘মানুষের একেবারে পাশে বিস্ফোরক মজুত রাখার এই ভয়াবহ অবহেলা মেনে নেওয়া যায় না৷’’ গত মাসে ভিশনেভেতে ঘটে যাওয়া একই ধরনের আরেকটি হামলার প্রসঙ্গ তুলে ধরেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট৷ ওই হামলায় দশজন নিহত হয়েছিলেন।
কিয়েভের বুচা জেলার এই অস্ত্রাগারে হামলার ফলে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন ও বিস্ফোরণে এলাকা ছাড়তে বাধ্য হন ৩৭০ জনেরও বেশি মানুষ৷ আহত হয়েছেন অনেকেই৷ নিহতদের মধ্যে আছেন দিমিত্রিভকা সম্প্রদায়ের প্রধান তারাস দিদিচ, যিনি উদ্ধারকাজে প্রথম দিকেই ছুটে গিয়েছিলেন৷ হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক গভর্নর তিমুর টকাচেঙ্কো।
শুক্রবারের এই হামলার আগে টানা দুই দিন ধরে চলে বিমান হামলার সতর্কতা। জেলেনস্কি বলেন, জেট-চালিত ড্রোন দিয়ে কিয়েভে প্রায় থেমে-থেমে হামলা চলছে, এবং এই ধরনের হামলা মোকাবিলায় ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পার হয়ে গেছে।

ডয়চে ভেলে