বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি
মধ্যপ্রাচ্যের চলতি সংঘাত নিরসনে কোনো সুনির্দিষ্ট সমাধান না আসায় বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি বন্ড বিক্রি করে দেওয়ার হিড়িক পড়েছে। এর বড় প্রভাব পড়েছে শেয়ারবাজারে, যেখানে অধিকাংশ সূচকের দরপতন ঘটেছে। পুঁজিবাজারে এ মন্দাভাব ও অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় এই মূল্য বৃদ্ধি ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড (সুদহার) ২০০৭ সালের পর এবং ৩০ বছর মেয়াদি বন্ডের ইল্ড ২০০৪ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এশীয় বাজারে জাপানের ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান স্পর্শ করে।
মার্কিন অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আবারও বাড়াতে পারে- এমন ধারণাই বন্ড বাজারে চাপ সৃষ্টি করেছে। আগামী মাসে ফেড সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে ৭৫ শতাংশ ব্যবসায়ী মনে করছেন।
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাসব্যাপী সংঘাত নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম দুই শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ১১ ডলারে গিয়ে ঠেকেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট -এর দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৬৪ ডলারে।
এদিকে ভারতের দ্বিতীয় বৃহত্তম দুই দশমিক ৩৫ বিলিয়ন ডলারের আইপিও সংগ্রহের পর দেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ অপারেটর ‘ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ -এর লেনদেন ইস্যু মূল্যের চেয়ে প্রায় এক শতাংশ বেশিতে শুরু হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক