ভারি বৃষ্টিতে বিপর্যস্ত থাইল্যান্ড, দুই দিনের সরকারি ছুটি ঘোষণা
টানা ভারি বৃষ্টিপাত ও সুতীব্র বন্যার কারণে রাজধানী ব্যাংকক ও পার্শ্ববর্তী তিনটি প্রদেশের সরকারি কর্মচারীদের জন্য সোমবার ও মঙ্গলবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) দুই দিনের বিশেষ ছুটি অনুমোদন করেছে থাইল্যান্ডের মন্ত্রিসভা।
রোববার (২৭ সেপ্টেম্বর) থাই সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। খবর রয়টার্সের।
সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, জনসাধারণের যাতায়াত কমানো এবং সড়কপথে যানজট ও বিড়ম্বনা কমানোর লক্ষ্যেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির সময় নির্ধারিত জরুরি ও গুরুত্বপূর্ণ সরকারি দাপ্তরিক কার্যক্রম প্রধানদের সুবিধাজনক বিবেচনা অনুযায়ী চালু রাখা যাবে।
এই আকস্মিক সরকারি ছুটির ঘোষণার ফলে থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের একটি গুরুত্বপূর্ণ মামলার রায় পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারের বৈধতা নিয়ে দেশটির ওমবুডসম্যান মামলাটি দায়ের করেছিলেন। ওই রায়ের ওপর নির্বাচনের ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে সংবিধান আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঘোষিত বিশেষ ছুটি সত্ত্বেও সোমবার (২৮ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মামলার রায় প্রকাশ করা হবে।
এর আগে গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) রেকর্ড বৃষ্টিপাতের ফলে প্রধান সড়কগুলো প্লাবিত হয়। গত শনিবার পুরো ব্যাংকক শহরকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করে ব্যাংকক সিটি প্রশাসন।
রোববার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় শহরের বেশ কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও অনেক বাসাবাড়িতে বাসিন্দারা পানিবন্দী অবস্থায় আটকা পড়ে আছেন।

এনটিভি অনলাইন ডেস্ক