মার্কিন রাডার সিস্টেমে ইরানের ড্রোন হামলা, বাহরাইনে সতর্কতা জারি
বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর শত্রুতামূলক তৎপরতা মোকাবিলা করার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় দেশটিতে মার্কিন রাডার সিস্টেম লক্ষ্য করে ইরানের দাবি করা বেশ কয়েকটি হামলার মধ্যে এটিই সর্বশেষ ঘটনা। খবর আলজাজিরার।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য হুমকির আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসাধারণকে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যেকোনো খবরের জন্য সরকারি সংবাদমাধ্যম ও চ্যানেলগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক