জর্ডান ও ইরাকে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া পরিষেবা টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান ও ইরাকের সরকার৷ সোমবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যের দুটি দেশ এ ঘোষণা দেয়৷
ইরাকের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জানায়, আপত্তিকর কনটেন্ট বন্ধ করার ক্ষেত্রে টেলিগ্রাম কর্তৃপক্ষ পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় এ পদক্ষেপ নিতে হয়েছে৷
জর্ডানে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে কাজ করছে পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট৷ তারা জানিয়েছে, ‘‘চরমপন্থা ও উগ্রবাদ ছড়ানোর প্রচেষ্টা'' রুখতে টেলিগ্রাম নিষিদ্ধ করা হচ্ছে৷
তিন সপ্তাহ আগে জর্ডানের দক্ষিণাঞ্চলের এক গির্জায় প্রাণঘাতী হামলা হয়৷ তারপর রাজধানী আম্মানে ছুরিকাঘাতে নিহত হন এক নিরাপত্তা কর্মকর্তা৷
মধ্যপ্রাচ্যে খবর, ফাইল ও বার্তা আদান-প্রদানে টেলিগ্রাম অ্যাপ-এর ব্যাপক প্রচলন রয়েছে৷ জঙ্গিরা বিভিন্ন হামলার সমন্বয় ও প্রচারের কাজেও দীর্ঘদিন ধরে এই অ্যাপ ব্যবহার করে আসছে৷

ডয়চে ভেলে