ইরাকের সঙ্গে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তোলার আহ্বান ইরানের
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্টি হওয়া সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ প্রত্যাহার করে ইরাকের সঙ্গে স্বাভাবিক বিমান যোগাযোগ সম্পূর্ণ পুনর্বহাল করার জন্য বাগদাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইরান। গত সপ্তাহে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে ফ্লাইট চালু হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থান ব্যক্ত করল।
আজ শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘বেআইনি ও অমানবিক’ হিসেবে উল্লেখ করেছে। নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। বিবৃতিতে বলা হয়, ইরান ও ইরাকের লাখ লাখ নাগরিকের যাতায়াত সুবিধার স্বার্থে দুই সরকারের মধ্যে স্বাধীন ও দায়িত্বশীল আলোচনা জরুরি।
এর আগে ইরাকি বার্তা সংস্থা (আইএনএ) জানায়, চলতি সপ্তাহের সোমবার গভীর রাতে নাজাফ ও ইরানের মধ্যে আকাশপথে ফ্লাইট পুনরায় চালু হয়। দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদির বিশেষ প্রচেষ্টায় এই ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইয়াসির আব্দুলজহরা আল-হাজ্জাজ জানান, বাগদাদ সরকার থেকে ইরান ফ্লাইট স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে বিদেশি গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিগুলো সেবা দিতে অস্বীকৃতি জানানোয় এ জটিলতার সৃষ্টি হয়েছিল।
বর্তমানে বাগদাদ, এরবিল ও সুলাইমানিয়া বিমানবন্দরে ফ্লাইট বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীকে ১২ ঘণ্টার বেশি পথ সড়কপথে পাড়ি দিতে হচ্ছে। বিশেষ করে শিয়া পুণ্যার্থীদের গমনাগমনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে নাজাফ বিমানবন্দর ছাড়াও নাসিরিয়া, কারবালা ও আমারাহ শহরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া মার্কিন নিষেধাজ্ঞার ফলে তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল ৪২ শতাংশ কমে গেছে। জর্জিয়া, ওমান ও আজারবাইজানের রুট পুরোপুরি বন্ধ রয়েছে।
মানবিক কারণ, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় সফর বিবেচনা করে মার্কিন নিষেধাজ্ঞার ছাড় পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাক সরকার।

এনটিভি অনলাইন ডেস্ক