স্বর্ণের খনিতে বন্যার পানি ঢুকে নিহত ১৩
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি স্বর্ণের খনিতে বন্যার পানি ঢুকে অন্তত ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। প্রবল পানি, অন্ধকার ও পিচ্ছিল পথ পেরিয়ে নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেসিয়ানা কার্তিকা বাহরি এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানায়, খনিটি ছিল অনুমোদনহীন। গত সোমবার খনিতে পানি ঢোকার আগে ১১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসেন। তবে বন্যার প্রায় ১৬ ঘণ্টা পর আটকে পড়া শ্রমিকদের খবর পায় পুলিশ। পরে বুধবার মধ্যরাতের পর রাষ্ট্রীয় খনি কোম্পানি পিটি আন্তাম জাকার্তা উদ্ধার সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানায়। এরপর পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকরা অবৈধভাবে কাজ করায় শুরুতে বিষয়টি জানানো হয়নি। স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা নিজেরাই পানি সেচে বের করার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা খবর দেন।
দেসিয়ানা কার্তিকা বাহরি জানান, খনির কূপগুলো প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) গভীর ও বেশ সরু। ভেতরে আলো কম এবং পথ খুব পিচ্ছিল। এমন প্রতিকূল পরিবেশে ৩২৫ জন উদ্ধারকর্মী কাজ করছেন। তিনি বলেন, কূপের গভীরতা, সরু পথ ও কম আলোর বিষয়টি মাথায় রেখে উদ্ধার কৌশল ঠিক করা হচ্ছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব চেষ্টা চলছে।
রাজধানী জাকার্তা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার পংকর এলাকার নানগুংয়ে এই খনিটি অবস্থিত। পার্বত্য এই এলাকায় রাষ্ট্রীয় খনি কোম্পানি আন্তাম স্বর্ণ উত্তোলন করে। খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ার দুর্গম এলাকায় প্রায়ই এমন অনুমোদনহীন খনন কাজ চলে। প্রশাসনের নজরদারি কঠিন হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক