নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন : শাবানা মাহমুদ
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সকল নারী পথিমধ্যেই ধর্ষণের শিকার হন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। মানব পাচারকারী চক্র ও অপরাধী গ্যাংগুলোর হাত থেকে এই ব্যবস্থা মুক্ত না হওয়া পর্যন্ত শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় ‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে সাবেক টোরি মন্ত্রী ররি স্টুয়ার্ট ও টনি ব্লেয়ারের সাবেক উপদেষ্টা অ্যালেস্টেয়ার ক্যাম্পবেলের সঙ্গে আলাপে শাবানা মাহমুদ বলেন, আমাদের সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। উত্তর ফ্রান্সে এসে যারা ডিঙ্গি নৌকায় ওঠে, তাদের বাছাই করে অপরাধী গ্যাং ও মানব পাচারকারীরা। প্রায় নিশ্চিত করেই বলা যায়, সেখানে পৌঁছানো প্রতিটি নারী যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন। এমনকি পুরুষদের অনেকেই নির্যাতন ও হুমকির মুখোমুখি হন।
তিনি জোর দিয়ে বলেন, কোনো ব্যক্তি যুক্তরাজ্যে আশ্রয় পাবে কি না বা নাগরিক হবে কি না— তা নির্ধারণের দায়িত্ব এসব অপরাধী চক্রের হাতে ছেড়ে দেওয়া যায় না।
সাক্ষাৎকারে মুখে মুখোশ পরা উগ্র ডানপন্থি বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেন তিনি। তিনি বলেন, তারা কেবল বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সুযোগ পেলে তারা আমাকে মেরে ফেলবে বা আমার নিজ দেশ থেকেই আমাকে বের করে দেবে। তারা আমাকে প্রকৃত ব্রিটিশ মনে করে না। আমি মুসলিম— এই সত্যটিকে তারা ঘৃণা করে।
এছাড়াও নিজেকে ‘ফিলিস্তিনিদের অধিকারের সমর্থক’ হিসেবে উল্লেখ করে শাবানা মাহমুদ ‘প্যালেস্টাইন অ্যাকশনের’ ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদকারীদের ওপর পুলিশি ব্যবস্থা নিয়ে অস্বস্তি প্রকাশ করেন। সোমবার লিভারপুলে লেবার পার্টির সম্মেলনের বাইরে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে ব্যানার প্রদর্শন ও প্রদর্শনী করার অভিযোগে ৮২ জনকে গ্রেপ্তার করে মেরিসিসাইড পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক