স্বর্ণের দাম এক বছরে সর্বনিম্ন, ধস নেমেছে রুপাতেও
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের ব্যয় ও মুনাফা নিয়ে শঙ্কার জেরে বিশ্ব শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধস নেমেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। শুক্রবার (৩০ অক্টোবর) স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে রূপা, প্ল্যাটিনাম ও প্যাল্যাডিয়ামের মতো মূল্যবান ধাতুগুলোও গভীর মন্দায় পড়েছে। খবর রয়টার্সের।
শুক্রবার স্পট গোল্ডের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স তিন হাজার ৮৮০ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত অক্টোবর মাসের পর সর্বনিম্ন। চলতি বছরের জানুয়ারিতে পাঁচ হাজার ৫৯৫ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কায় স্বর্ণের দাম এখন প্রায় ৩০ শতাংশ কমেছে।
রূপার দাম ৬ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ ডলারে নেমেছে, যা গত ১১ মাসের মধ্যে ৫০ ডলারের নিচে নামল। এছাড়া প্যাল্যাডিয়ামের দাম কমে এক হাজার ডলারের নিচে নেমেছে। কেন্দ্রীয় ব্যাংক ও নিরাপদ বিনিয়োগের জোরালো সমর্থন না থাকায় এবং শিল্পখাতে চাহিদা কমায় রূপা, প্ল্যাটিনাম ও প্যাল্যাডিয়ামের দাম এক সপ্তাহে ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত কমেছে।
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে বড় পতনের কারণে বিনিয়োগকারীদের মার্জিন কল সামাল দিতে বাধ্য হয়ে স্বর্ণের মতো নিরাপদ সম্পদ বিক্রি করতে হয়েছে। এছাড়া এআই খাতের আয়ের ভিত্তিমূলে ফাটল ধরার কারণে পুরো বাজারেই এর নেতিবাচক প্রভাব পড়েছে।
এইচএসবিসি জানিয়েছে, শিল্প ও গহনা খাতে রূপার চাহিদা কমছে এবং ২০২৭ সালে গড় রূপার দাম প্রতি আউন্স ৬৪ ডলারে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম চার হাজার ডলারের নিচে নামলে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনার আগ্রহ বাড়ে, যা ভবিষ্যতে বাজার পুনরুদ্ধারে সহায়তা করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক