জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
ইসলামি আলোচক নায়েকের প্রতিষ্ঠিত সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের’ (আইআরএফ) ওপর চলমান নিষেধাজ্ঞা আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে ভারত সরকার।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি ছিল। খবর এনডিটিভির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েক ওরফে ড. জাকির নায়েক এবং তার সহযোগীরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বৈরিতা ও ঘৃণা ছড়ানোর কাজে লিপ্ত রয়েছেন। এছাড়া তার উসকানিমূলক ও আপত্তিকর বক্তৃতা এবং মতাদর্শের মাধ্যমে দেশের ভেতরে ও বাইরে যুবসমাজকে সন্ত্রাসী কার্যকলাপে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে এই উগ্র বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের নভেম্বরে প্রথমবারের মতো ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২১ সালে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। পূর্বের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে সরকারের পক্ষ থেকে এর মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বলবৎ করা হলো।

এনটিভি অনলাইন ডেস্ক