ডনবাস ছেড়ে দিয়ে ন্যাটোর সদস্য হতে ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র
ন্যাটো সদস্যপদ লাভের বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডিনবাস অঞ্চল থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেওয়ার ধারণাটি মার্কিন আলোচকরা সামনে এনেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূতদের মস্কো সফর এবং ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি শীর্ষ সম্মেলনে যোগদানের পর শনিবার (১৪ নভেম্বর) ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় কিয়েভ দীর্ঘদিন ধরে এই সামরিক জোটের সদস্যপদ চেয়ে আসছে, তবে এর আগে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ এর বিরোধিতা করেছিল; অন্যদিকে রাশিয়া বলে আসছিল যে তাদের সীমান্তে ন্যাটোর নতুন কোনো সদস্য রাষ্ট্র গ্রহণযোগ্য নয়।
ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য মস্কোর দাবি সত্ত্বেও জেলেনস্কি বারবার বলে আসছেন যে, ইউক্রেন তার সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে অনিচ্ছুক।
শনিবার সাংবাদিকদের জেলেনস্কি বলেন, “আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: ‘ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেন কি ডনবাস থেকে সরে আসবে?’ এই প্রথমবারের মতো বিষয়টি তোলা হলো।”
ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, তিনি যদি এমন কোনো প্রস্তাব পান যাতে নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে, তবে তিনি তা গণভোটে দেবেন।
মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনার পর মার্কিন দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান।
পুতিন এবং ক্রেমলিন কর্মকর্তাদের মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং ভূখণ্ড ও নিরপেক্ষতার বিষয়ে মস্কোর দাবিগুলো ইউক্রেন যা বিবেচনা করতে প্রস্তুত তার চেয়ে অনেক বেশি রয়ে গেছে।
শান্তি চুক্তির শর্ত হিসেবে মস্কো এর আগে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং কিয়েভের নিরপেক্ষতার নিশ্চয়তার প্রস্তাব দিয়েছিল।
ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে যুক্তি দিয়েছে যে, এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে যেকোনো আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে তাদের সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে।
তবে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে অভিন্ন অবস্থানে পৌঁছানোর কিছু লক্ষণ দেখা গেছে। গত মাসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে খেরসন অঞ্চলে একটি অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে সক্ষম হন।
মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন যে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই।
শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব তাঁকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে ন্যাটো আবারও আলোচ্যসূচিতে ফিরে এসেছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘আপনারা পুতিনের ইঙ্গিতগুলোও শুনেছেন, এবং এটি একটি অত্যন্ত কঠিন আলোচনা।’
রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে আছে, যার মধ্যে ডনবাস অঞ্চল গঠনকারী দোনেৎস্ক এবং লুহানস্ক এলাকার বেশিরভাগ অংশ অন্তর্ভুক্ত।
সেখানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অল্প কিছু জমিও ছেড়ে দেওয়া কিয়েভের জন্য প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এর অর্থ দাঁড়াবে ডনবাসকে রুশ ভূখণ্ড হিসেবে মেনে নেওয়া।
জেলেনস্কি এর আগে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাশাপাশি ২০১৪ সালে মস্কোর দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছিলেন।
রাশিয়ার অভ্যন্তরে তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলার জেরে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েনের পর এই সর্বশেষ দফার আলোচনা অনুষ্ঠিত হলো। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, রুশ ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ওই হামলাগুলো সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছিলেন।
এরপর জেলেনস্কি মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইউক্রেনের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা সীমিত করার অভিযোগ আনেন, যা দেশটি প্রতিরক্ষামূলক অভিযান সমন্বয় করতে ব্যবহার করে। অন্যদিকে ট্রাম্প বলেন যে, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে এবং তিনি নতুন নির্বাচনের আহ্বান জানান।
ইউক্রেনে সামরিক আইন জারি থাকায় নির্বাচন স্থগিত রয়েছে, তবে জেলেনস্কি এর আগে বলেছিলেন যে, শান্তি চুক্তিতে পৌঁছানোর কয়েক মাসের মধ্যেই তিনি নির্বাচন দিতে ইচ্ছুক এবং ন্যাটো সদস্যপদের বিনিময়ে তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন।

এনটিভি অনলাইন ডেস্ক