এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্নে স্বর্ণের দাম
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর অবস্থান ও সুদের হার আরও বাড়ার জোরালো আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের।
মার্কিন স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স তিন হাজার ৮৫৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে আজ সকালে স্বর্ণের দাম তিন হাজার ৮৩০ ডলারে নেমে গিয়েছিল, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন।
মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলারের দাম বাড়ায় অন্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করেছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কমে যায়।
পরামর্শক প্রতিষ্ঠান মেটালস ফোকাসের শুক্রবারের এক গবেষণায় গয়নার চাহিদা কমা ও সোলার সেলে বিকল্প উপাদানের ব্যবহার বাড়ায় ২০২৬ সালে বিশ্বব্যাপী রুপার চাহিদা ৫ শতাংশ কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে স্পট রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ দশমিক ৪০ ডলারে নেমেছে। পাশাপাশি প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে এক হাজার ৪৬৫ দশমিক ৪৩ ডলার ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৯৮৬ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক