২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র
দুই বছরের রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর অবশেষে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক শাখা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) জানিয়েছে, দেশটিতে টানা ১২ মাসের বেশি সময় ধরে একই ধরনের হাম ভাইরাসের নিরবচ্ছিন্ন সংক্রমণ চলতে থাকায় এই মর্যাদা বাতিল করা হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পাহোর পরিচালক ডা. জারবাস বারবোসা যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও বলিভিয়ারও হাম নির্মূল করার মর্যাদা হারানোর ঘোষণা দেন। এই অঞ্চলে হামের পুনরুত্থানের জন্য তিনি টিকাদানের ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতিকে দায়ী করেছেন।
ডা. বারবোসা বলেন, এই পরিসংখ্যান আমাদের অঞ্চলের জন্য একটি গুরুতর সতর্কবার্তা। টিকাদানের ধারাবাহিক ঘাটতির কারণে বিশ্বজুড়ে হামের প্রকোপ আবার বাড়ছে।
পাহোর টিকাদান বিভাগের নির্বাহী ব্যবস্থাপক ড্যানিয়েল সালাস জানান, স্বীকৃতি হারানো দেশগুলোকে টিকাদানের হার বাড়ানোর কর্মপরিকল্পনা জমা দিতে হবে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চলতি বছরই দেশটিতে ৫ হাজার ৪০০ জন হামে আক্রান্ত হয়েছেন এবং ১০ জনের মৃত্যু হয়েছে, যা ১৯৯০-এর দশকের পর সর্বোচ্চ। এর মধ্যে কেবল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেই ১ হাজার ৪০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন এবং সাতজনের মৃত্যু হয়েছে।
স্বীকৃতি হারানোর প্রতিক্রিয়ায় সিডিসি জানিয়েছে, টিকার প্রাপ্যতা বাড়ানোর মাধ্যমে তারা আবারও হামমুক্ত দেশের মর্যাদা ফিরে পেতে প্রতিশ্রুতিবদ্ধ। সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, হাম নির্মূলের স্বীকৃতি আমেরিকানদের সুরক্ষা দেয় না, সুরক্ষা দেয় টিকাদান। কোথায় সংক্রমণ ছড়াচ্ছে তা আমরা জানি। ওইসব কমিউনিটিতে পৌঁছাতে আমরা রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোতে ১০ কোটি ডলার বিনিয়োগ করেছি।
এদিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হাম প্রতিরোধে এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘টিকাদানের ঘাটতি পূরণ এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।’
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এক থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য এমএমআর টিকার দুটি ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়, যা রোগটি প্রতিরোধে ৯৭ শতাংশ কার্যকর। সমাজে ‘হার্ড ইমিউনিটি’ বা গণ-রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য টিকাদানের হার ৯৫ শতাংশ থাকা প্রয়োজন হলেও যুক্তরাষ্ট্রে তা কমে ৯২ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।
কলাম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিকেল সেন্টারের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নুয়ান গুণবর্ধনে যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি হারানোকে ‘বিশাল পিছিয়ে পড়া’ বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারির পর থেকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী কেনেডি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিকা-সংক্রান্ত নানা বিতর্কিত পদক্ষেপের কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে, যা টিকাদানের হার কমিয়ে দিয়েছে।
উল্লেখ্য, ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে আমেরিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র হাম নির্মূল করেছিল। তবে চলতি বছর যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রিয়া ও রাশিয়াসহ ইউরোপের বেশ কয়েকটি দেশও তাদের হামমুক্ত মর্যাদা হারিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক