ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্র করার দায়ে এক পাকিস্তানি নাগরিকের ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড হয়েছে৷
তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের এক বিচারক৷ গতকাল মঙ্গলবার সে দেশের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে৷
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, মঙ্গলবার ব্রুকলিনের ফেডারেল আদালতে আসিফ মার্চেন্ট নামের এক ব্যক্তিকে ৩৩০ মাস (প্রায় ২৭ বছর ৬ মাস)-এর কারাদণ্ড দিয়েছেন ডিস্ট্রিক্ট জজ এরিক আর. কমিটি৷ ৪৮ বছর বয়সী আসিফের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপচেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়৷
সরকারি কৌঁসুলিরা জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার ষড়যন্ত্রটি হয়েছিল ২০২৪ সালে৷ উদ্দেশ্য ছিল ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নেয়া৷ ওই সময় যুক্তরাষ্ট্রে চলছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ৷ তখনই মার্কিন হামলায় নিহত হয়েছিলেন কাসেম সোলেমানি৷
জো বাইডেন, নিকি হ্যালিও ছিলেন ‘হিট লিস্টে’
আসিফ মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ– সোলেমানি হত্যার প্রতিশোধ নিতে তিনি ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন মার্কিনিকে হত্যার পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কয়েকজনকে নিয়োগ দেওয়ার চেষ্টাও করেছেন৷
আসিফ মার্চেন্ট (ফাইল ফটো) আসিফ মার্চেন্ট (ফাইল ফটো)
আসিফ মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ– তিনি ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন মার্কিনিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কয়েকজনকে নিয়োগ দেওয়ার চেষ্টাও করেছেন৷
সরকার পক্ষের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে করা ওই হত্যাপরিকল্পনায় তখনকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং সে বছর রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো নিকি হ্যালিও ছিলেন৷
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ড সম্পন্ন করাতে যুক্তরাষ্ট্রে আসা আসিফ মার্চেন্টের বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত ফেব্রুয়ারিতে৷ গত মার্চ মাসে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের আদালত তাকে দোষী সাব্যস্ত করে৷
বিচার প্রক্রিয়া শুরুর কয়েক দিন পরই ইসরায়েলকে সহায়তা করার জন্য ইরানে হামলার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প৷
ইরানের বিরুদ্ধে অভিযোগ ও ইরানের অস্বীকার
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আসিফ মার্চেন্ট দাবি করেন, ট্রাম্প, বাইডেন, নিকি হ্যালিদের হত্যার পরিকল্পনা করেছিল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি), তিনি অনিচ্ছা সত্ত্বেও সেই ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন৷ তিনি বলেন, তেহরানে তার পরিবার রয়েছে, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়েই হত্যার ষড়যন্ত্রে জড়িয়েছিলেন৷ তবে কারো ওপর হামলা চালানোর আগেই সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের এপ্রিলে ষড়যন্ত্রে সহায়তা করার জন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন আসিফ মার্চেন্ট৷ সেই ব্যক্তি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দেয়৷ এর ফলে ফাঁস হয়ে যায় হত্যাপরিকল্পনা৷ সেই বছরই গ্রেপ্তার করা হয় আসিফ মার্চেন্টকে৷
তবে গ্রেপ্তার হওয়ার পর অনিচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রের অংশ নিয়েছিলেন দাবি করে নিজেকে নির্দোষও দাবি করেন আসিফ৷ অন্যদিকে ইরানও ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা বা তাদের ওপর হামলার ষড়যন্ত্র করার অভিযোগ অস্বীকার করেছে৷

ডয়চে ভেলে