মিমির বাগদান-রেজিস্ট্রি আজই, শোবিজের কারা থাকছেন?
এতদিন বিয়ে প্রসঙ্গে একদম ‘স্পিকটি নট’ ছিলেন লিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। বিয়ের প্রসঙ্গ উঠলেই সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। তবে কয়েকদিন আগে তার বিয়ের অভিনব কার্ড প্রকাশ্যে আসে। বিয়ের আমন্ত্রণপত্রে পোষ্যদের সঙ্গে জ্বলজ্বল করছে হবু বর-কনের ছবি। অভিনেত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন তার মামা রাম চক্রবর্তীও। অবশেষে আজ বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষার অবসান হচ্ছে। আইবুড়ো তকমা ঘুচিয়ে বাগদান এবং আইনি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী।
নিজের ফ্ল্যাটেই আইনি বিয়ে সারবেন মিমি চক্রবর্তী। তবে আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় হলেও শীতের আমেজে বিয়ের আসর বসবে শৈলশহরে।
বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রিতে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। এ তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।
জনপ্রিয় এ নায়িকা জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নিয়েছেন? তিনি আসলে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। পাত্র সিদ্ধার্থ দত্ত নৌবাহিনীতে কর্মরত, মেরিন ইঞ্জিনিয়ার।
দুজনের সম্পর্ক দীর্ঘদিনের হলেও তারা বিষয়টি এতদিন গোপনেই রেখেছিলেন। মিমি নিজে টুঁ শব্দটি করেননি এ প্রসঙ্গে। ধোঁয়াশা জিইয়ে রেখেছেন বিয়ে সম্পর্কে। বারবার বলেছেন, সময় এলেই সব জানতে পারবেন।
অবশেষে সেই সময় এলো। আজ বিয়ের আইনি বিষয় সারছেন তিনি।
এরপর ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। আর ১১ ডিসেম্বর রিসেপশন হবে কলকাতায়। যেখানে মিমির টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্টজনরা আমন্ত্রণ পেয়েছেন।
এর মধ্যেই গত মঙ্গলবার মিমিকে খ্যাতনামা এক দোকানে গহনা কেনাকাটা করতে দেখা গেছে। এছাড়া পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোর থেকেও নায়িকার বিয়ের শপিংয়ের ভিডিও প্রকাশ্য়ে এসেছে।
অন্যদিকে বিয়ে উপলক্ষে জলপাইগুড়ি থেকে অনেক আগেই মিমির মা-বাবা চলে এসেছেন কলকাতায়।

বিনোদন ডেস্ক