ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তান সেনাদের বিশেষ অভিযান, নিহত ১২
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক এসব অভিযানে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জিও নিউজসহ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, বেলুচিস্তানের নুশকি, সিবি (সেভি), পাঞ্জগুর ও কেচ জেলায় এসব অভিযান চালানো হয়। নিহত সন্ত্রাসীদের ‘ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য’ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযানটি চালানো হয় গত ২০ নভেম্বর নুশকি জেলার একটি সন্ত্রাসী আস্তানায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে আটজন সন্ত্রাসী নিহত হন। পরে ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এরপর ২১ নভেম্বর সিবি জেলায় সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে সংঘর্ষে আরও দুজন সন্ত্রাসী নিহত হন। এ ছাড়া পাঞ্জগুর ও কেচ জেলায় পৃথক অভিযানে বাকি দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

এনটিভি অনলাইন ডেস্ক