পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম, দেশের খবর কী?
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতনের প্রেক্ষাপটে দৈনিক মূল্য সমন্বয় নীতির আওতায় পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে পাকিস্তান। তবে চলতি নভেম্বর মাসের জন্য বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। খবর জিও নিউজের।
পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থার (ওগরা) তথ্যানুযায়ী, আজ বুধবার থেকে দেশটিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১ রুপি কমিয়ে ৩১৮ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪ রুপি কমিয়ে ৩৫৩ রুপি নির্ধারণ করা হয়েছে। এর আগে পেট্রোল ৩১৯ রুপি এবং ডিজেল ৩৫৭ রুপিতে বিক্রি হচ্ছিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার প্রভাব দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পাকিস্তান সম্প্রতি দৈনিক মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে।
অন্যদিকে, দেশের বাজারে জ্বালানি তেলের দাম মাসিক ভিত্তিতে সমন্বয় করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২৯ অক্টোবর জারি করা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত দামই ১ নভেম্বর থেকে বহাল রয়েছে।
বর্তমানে দেশের খুচরা বাজারে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান হয়েছিল। সেই লোকসান সামাল দিতে সেপ্টেম্বরে দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছিল, যা অক্টোবর ও নভেম্বর মাসেও অপরিবর্তিত রাখা হয়েছে।
তবে গত কয়েক দিনে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের দরপতন হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ ডলারের নিচে এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮০ ডলারের নিচে নেমে আসায় আগামী ডিসেম্বর মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এনটিভি অনলাইন ডেস্ক