বিশ্ববাজারে বড় উত্থানের পর কমলো স্বর্ণের দাম
টানা দুই সপ্তাহ দরপতনের পর শুক্রবার (২৭ নভেম্বর) দিনের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান দেখা যায়। তবে দিনের শেষের দিকে দামে আবারও পতন ঘটে। শক্তিশালী মার্কিন ডলার, ট্রেজারি বন্ডের বাড়তি সুদ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের প্রভাবেই বাজারে এমন ওঠানামা চলছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে জানানো হয়, দিনের শুরুতে দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে পৌঁছালেও শুক্রবার শেষ পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৯ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুতে ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াবে- এমন আশঙ্কায় গত বুধবার স্বর্ণের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে (প্রতি আউন্স ৩ হাজার ৪২৬ দশমিক ৩৫ ডলার) নেমে গিয়েছিল। তবে কম দামে ক্রেতাদের কেনার আগ্রহ বাড়ায় সপ্তাহের শেষ দিকে দাম ঘুরে দাঁড়ায়।
অডাসিটি ক্যাপিটালের বাজার বিশ্লেষক জেইন ভাওদা বলেন, ‘স্বর্ণের দাম আবার ৫ হাজার ডলারে ফেরা সম্ভব, তবে আগামী বছরের প্রথমার্ধে নয়। এর জন্য ফেডকে সুদের হার বাড়ানো বন্ধ করতে হবে এবং ডলারের মান কমতে হবে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এমনটা ঘটলে দাম ৪ হাজার ৫০০ ডলারের দিকে ফিরে যাওয়া বাস্তবসম্মত হবে।’
এদিকে ডলারের মান ২২ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকায় অন্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে রয়েছে। সাধারণত সুদের হার বাড়লে বন্ডের মতো সুদযুক্ত সম্পদের আকর্ষণ বাড়ে এবং সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও শুক্রবার বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৩ দশমিক ৪৪ ডলার, প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৯ দশমিক ৯৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৮৯ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক