ইরাকের চোরাচালানবিরোধী অভিযানকে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির তেল চোরাচালানবিরোধী অভিযানে জোরালো সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানের অংশ হিসেবে বাগদাদ আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সীমান্ত ক্রসিং ও তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে ইরাকে ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র মিত্র গোষ্ঠী ‘কাতাইব হিজবুল্লাহ’-র মুখোমুখি হয়েছে।
আগামী ১ ডিসেম্বর ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধানের মধ্যস্থতায় বাগদাদ ও কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলের মধ্যে বৈঠক হওয়ার কয়েক দিন আগেই ট্রাম্প এই সমর্থনের কথা জানান। এর প্রতিক্রিয়ায় শনিবার (২৮ নভেম্বর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরাককে ‘ট্রাম্পের হাতিয়ার’ না হওয়ার জন্য সতর্ক করেছেন।
ট্রাম্প কী বলেছেন?
শুক্রবার ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পুরো ইরাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, তেল চোরাচালান বন্ধ, দুর্নীতি নির্মূল ও সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী আল-জাইদিকে সমর্থন দিচ্ছে। একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইরাক গড়তেও ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার আল-জাইদি কুর্দি অঞ্চলের সীমান্ত ক্রসিং ও কয়েকটি তেলক্ষেত্র কেন্দ্রীয় সরকারের অধীনে নেওয়ার পদক্ষেপ নেন। বুধবার ইরাকের শীর্ষ আদালতও দেশটির সব আন্তর্জাতিক সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে রায় দেন। এর পরপরই বৃহস্পতিবার সিরিয়া ও ইরান সীমান্তের দুটি ক্রসিং বন্ধ করে দেয় বাগদাদ। সাংবিধানিক আইন গবেষক সেলিম জাখোর আল জাজিরাকে বলেন, ট্রাম্পের এই বার্তা মূলত কুর্দি নেতাদের জানিয়ে দিচ্ছে যে বাগদাদের পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন রয়েছে।
ইরাকের চোরাচালানবিরোধী অভিযান কী?
অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা তেল চোরাচালান বন্ধ করতে চায় ইরাকি সরকার। বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের ‘জুরফ আল-সাখার’ শহর থেকে এই অভিযান শুরু হয়। ২০১৪ সালে আইএস-কে হটিয়ে ইরান-সমর্থিত গোষ্ঠী ‘কাতাইব হিজবুল্লাহ’ শহরটি দখল করে নেয়। ইরাকি কর্মকর্তাদের দাবি, ২০২১ সাল থেকে গোষ্ঠীটি সেখান থেকে কয়েক শ মিলিয়ন ডলার মূল্যের রাষ্ট্রীয় অপরিশোধিত তেল পাচার করেছে। এ ঘটনায় ৯ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী আল-জাইদি গোষ্ঠীটিকে ২০ নভেম্বরের মধ্যে শহর ছাড়ার সময়সীমা দিলে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানীর হস্তক্ষেপে একটি সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, সরকারি বাহিনী শহরে প্রবেশ করে যৌথ অভিযান কেন্দ্র স্থাপন করেছে এবং কাতাইব হিজবুল্লাহ ধাপে ধাপে সরে যাবে। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
পরবর্তীতে বাগদাদ কুর্দি অঞ্চলেও এই অভিযান বিস্তৃত করে। সরকারি মুখপাত্র হায়দার আল-আবুদি জানান, ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে কুর্দি অঞ্চল দিয়ে তেল পাচারের ফলে ইরাক প্রায় ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে। কুর্দি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছেন এবং বৃহস্পতিবার হাজার হাজার কুর্দি বিক্ষোভও করেছেন। বিশ্লেষকদের মতে, শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর চাপ সামলাতে এবং কুর্দিদের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগাতে আল-জাইদি এই কঠোর অবস্থান নিয়েছেন।
ইরানের অর্থনীতিতে ইরাক কতটা গুরুত্বপূর্ণ?
বিশ্লেষক মুহান্নাদ সেলুমের মতে, অবরোধের মুখে থাকা ইরানের জন্য ইরাক হলো প্রধান স্থলপথ। ২০২৪ সালে ইরাক প্রায় ১১ দশমিক ৯ বিলিয়ন ডলারের ইরানের পণ্য আমদানি করেছে, যা ইরানের তেল-বহির্ভূত রপ্তানির এক-পঞ্চমাংশ। এ ছাড়া ইরাকের বিদ্যুৎকেন্দ্রগুলোর ৩০ থেকে ৪০ শতাংশই চলে ইরানের গ্যাসে, যা থেকে তেহরান বছরে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার পায়। রয়টার্সের তথ্যমতে, ইরাকে জ্বালানি তেল চোরাচালানের একটি নেটওয়ার্ক ইরান ও তার মিত্রদের বছরে অন্তত ১ বিলিয়ন ডলার এনে দিচ্ছিল।
অন্যদিকে, ইরাকের তেল বিক্রির অর্থ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকায় বাগদাদের ওপর ওয়াশিংটনের বড় ধরনের প্রভাব রয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দেওয়ার অংশ হিসেবে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ইরাকের ৫০ কোটি ডলারের নগদ অর্থ পরিশোধ আটকে দিয়েছিল।
ইরাক ও ইরানের মধ্যে তেল চোরাচালান সম্পর্কে কী জানা গেছে?
বিশ্লেষকদের মতে, সবচেয়ে আলোচিত কৌশলটি হলো ইরানের তেলকে ইরাকি তেল হিসেবে লেবেল লাগিয়ে বিক্রি করা। গত মে মাসে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের স্বার্থে তেল পাচারের অভিযোগে ইরাকের উপ-তেলমন্ত্রী আলী মারিজ আল-বাহাদলির ওপর নিষেধাজ্ঞা দেয়। এ ছাড়া ইরাকি গোয়েন্দা নথির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, কিরকুক ও সুলাইমানিয়াহ প্রদেশ থেকে ট্যাংকারে করে অপরিশোধিত তেল ইরানে নিয়ে গিয়ে ইরানের তেলের সঙ্গে মিশিয়ে আফগানিস্তানে পাঠানো হচ্ছে।
এতে ট্রাম্পের স্বার্থ কী?
বিশ্লেষক সেলুমের মতে, ইরানের ওপর ট্রাম্পের আরোপিত অর্থনৈতিক ও নৌ অবরোধের ক্ষেত্রে ইরাক হলো ‘স্থলভাগের ফাঁক’। কোনো মার্কিন সেনা না পাঠিয়েই এই পথ বন্ধ করা গেলে তেহরানের অর্থনীতি বড় চাপে পড়বে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন সংকুচিত হবে। পাশাপাশি গবেষক জাখোর জানান, কুর্দিদের স্বায়ত্তশাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতেও পরিবর্তন এসেছে। ইরাকে নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক এখন কেন্দ্রীয় সরকারের একক সিদ্ধান্তের পক্ষে, যাতে মার্কিন কোম্পানিগুলো তেল ও বিনিয়োগের চুক্তি করার সময় কোনো আইনি জটিলতায় না পড়ে।
ইরাকে কি যুদ্ধের নতুন ফ্রন্ট খুলতে পারে?
বিশ্লেষকদের মতে, ইরাক সরাসরি যুদ্ধক্ষেত্র না হলেও হামলার ‘লঞ্চপ্যাড’ বা উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে। গত ৩০ সেপ্টেম্বর থেকে ইরাকে কোনো মার্কিন সেনা নেই। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে ইরাকের মাটি থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে এবং জবাবে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালাতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর জুনে একটি যুদ্ধবিরতি হলেও তা ভেঙে গেছে। ইরাক সরকার এই সংঘাত থেকে দূরে থাকতে চাইছে। গত ৫ নভেম্বর ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী আল-জাইদি প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনও সশস্ত্র গোষ্ঠীগুলোকে সতর্ক করে বলেছেন, ইরাককে যুদ্ধে জড়ালে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

এনটিভি অনলাইন ডেস্ক