উত্তর কোরিয়া কীভাবে গড়ে তুলল বিশ্বের সেরা হ্যাকার বাহিনী
উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম দরিদ্র এবং অত্যন্ত গোপনীয়তা রক্ষাকারী বেষ্টনীতে থাকা একটি দেশ। দেশটির অধিকাংশ মানুষের বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি, হাতেগোনা যে অল্প কিছু মানুষের কাছে ফোন বা কম্পিউটার রয়েছে, তারাও কেবল সেন্সর করা একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক (ইন্ট্রানেট) ব্যবহারের সুযোগ পান। তবে এর মাধ্যমে বিদেশি টিভি অনুষ্ঠান বা সিনেমা দেখা একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাহলে উত্তর কোরিয়া কীভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যাকিং রাষ্ট্রে পরিণত হলো?
এক দশকেরও বেশি সময় আগে হলিউডের একটি বড় প্রতিষ্ঠানের ওপর দুঃসাহসী হামলার মাধ্যমে উত্তর কোরিয়ার সাইবার বাহিনী বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেয়। মার্কিন কর্মকর্তাদের মতে, গত মাসে তারা তাদের সবচেয়ে বড় চুরির ঘটনাটি ঘটিয়েছে। তারা বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ থেকে ছয় বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে। এতে তাদের চুরি করা মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলার। অবশ্য পিয়ংইয়ং এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, এই লাভজনক চুরির মাধ্যমে দেশটির স্বৈরাচারী নেতা কিম জং উন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য অর্থায়ন করতে সক্ষম হয়েছেন।
ক্রিপ্টো-ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘টিআরএম ল্যাবস’-এর জ্যেষ্ঠ তদন্তকারী নিক কার্লসেন বলেন, ‘তারা যেন সম্পূর্ণ আলাদা এক পর্যায়ে রয়েছে। রাষ্ট্রীয় সাইবার-গুপ্তচর ইউনিটকে ব্যবহার করে চুরি বা সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর বিষয়টি অন্য কোনো দেশকে করতে দেখা যায় না।’
উত্তর কোরিয়া সম্পর্কে তথ্য খুবই সীমিত। যা কিছু জানা যায়, তা মূলত দেশ থেকে পালিয়ে আসা ব্যক্তি, সেখানে সফরকারী সাংবাদিক ও ত্রাণকর্মী এবং পিয়ংইয়ংয়ের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই জানা সম্ভব হয়েছে। তবে এই সীমিত তথ্য থেকেই একটি সুপরিকল্পিত প্রচেষ্টার চিত্র ফুটে ওঠে। জানা গেছে, দেশজুড়ে বিভিন্ন স্কুল থেকে মেধাবী শিক্ষার্থীদের বেছে নিয়ে একটি হ্যাকার বাহিনী গড়ে তোলা হয়েছে, যারা এখন বিশ্বের অন্যতম বড় আধুনিক সাইবার হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কীভাবে একটি হ্যাকার বাহিনী গড়ে তোলা হয়?
এই ধারণার প্রবক্তা উত্তর কোরিয়ার শাসক পরিবারের আগের প্রজন্মের নেতারা। ১৯৮০-এর দশকে যুদ্ধ-পরবর্তী দক্ষিণ কোরিয়ার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে তৎকালীন শাসক কিম ইল সুং রাজধানী পিয়ংইয়ংয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত এবং বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হতো। দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউট’-এর পরিচালক জিন শিন-এর ২০১৯ সালের একটি গবেষণাপত্র অনুযায়ী, এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল এবং শিক্ষার্থীদের কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হতো।
সেখানে শিক্ষার্থীদের কম্পিউটারে প্রবেশের সুযোগ ছিল সীমিত এবং তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হতো। প্রতি বছর কম্পিউটার বিজ্ঞানে সেরা ১০০ শিক্ষার্থীকে উচ্চতর প্রশিক্ষণের জন্য সামরিক বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হতো। এদের মধ্যে যারা সবচেয়ে মেধাবী, তাদের উন্নত প্রোগ্রামিং ও হ্যাকিং শেখার জন্য চীন বা রাশিয়ায় পাঠানো হতো। কার্লসেন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কখনও কখনও এই উদীয়মান হ্যাকাররা বিনিময় কর্মসূচির আওতায় পশ্চিমা দেশগুলোতেও যাওয়ার সুযোগ পেত। যেমন, ২০১০-এর দশকের শুরুর দিকে যুক্তরাজ্যে যেতে পারত, তখন দুই পক্ষের সম্পর্ক কিছুটা ভালো ছিল।
শিন-এর প্রতিবেদন অনুযায়ী, এই সুযোগগুলো শিক্ষার্থীদের বৈশ্বিক বড় বড় করপোরেশনে ব্যবহৃত সফটওয়্যার সিস্টেম সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহের পাশাপাশি অর্থ ও প্রকৌশল বিষয়ক বিস্তৃত জ্ঞান অর্জনের পথ করে দিত।
‘টিআরএম ল্যাবস’-এর তদন্তকারী কার্লসেন এই প্রক্রিয়াটিকে স্নায়ুযুদ্ধের সময়কার পূর্ব জার্মানির রাষ্ট্র-সমর্থিত ক্রীড়া ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন, যেখানে শিশুদের ছোটবেলা থেকেই ভবিষ্যতের অলিম্পিক ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হতো। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া গাণিতিক সক্ষমতাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে ঠিক একই কাজ করছে। তারা খুব অল্প বয়সেই এদের শনাক্ত করে এবং তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলে।’
উত্তর কোরিয়ায় ফিরে আসার পর সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের সামরিক বাহিনীর কুখ্যাত ‘ইউনিট ১২১’-এ নিয়োগ দেওয়া হয়। এই ইউনিটটি সরকারের নির্দেশে বিভিন্ন বিদেশি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাইবার হামলা চালিয়ে থাকে।
উত্তর কোরিয়ার মতো চরম দারিদ্র্যপীড়িত একটি দেশে এই পথটি ছিল অত্যন্ত কাঙ্ক্ষিত। যারা এই প্রক্রিয়ায় নির্বাচিত হতো, তারা তাদের পুরো পরিবারকে নিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ের মতো সুবিধাপ্রাপ্ত এলাকায় চলে আসতে পারত এবং অভিজাত এলাকায় বড় অ্যাপার্টমেন্ট পেত। উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষ গ্রামে যে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করে, তার তুলনায় এটি ছিল সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। এসব কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার সামরিক কম্পিউটার বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষার্থী জাং সে-ইউন। পরবর্তীতে তিনি সেখান থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন।
২০১১ সালে কিম ইল সুং-এর নাতি কিম জং উন যখন ক্ষমতায় আসেন, ততদিনে এই অবকাঠামোটি অনেকাংশেই গড়ে উঠেছিল। ইউরোপে বসবাস ও পড়াশোনা করা এবং ইন্টারনেটের উত্থানকে খুব কাছ থেকে দেখা কিম জং উন নিজেও সাইবার যুদ্ধের শক্তি সম্পর্কে ভালোভাবেই অবগত। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ২০১৩ সালের একটি ব্রিফিং অনুযায়ী, তিনি একবার বলেছিলেন, ‘সাইবার যুদ্ধ হলো এমন এক সর্বমুখী অস্ত্র, যা পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীকে এক নির্মম আঘাত হানার সক্ষমতা প্রদান করে।’
২০১৯ সাল নাগাদ কিমের সাইবার বাহিনী একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়। বিভিন্ন হিসাব অনুযায়ী, এই বাহিনীতে ১ হাজার ৮০০ থেকে ৭ হাজার পর্যন্ত হ্যাকার ছিল।
ছোট থেকে বড়, আর বড় থেকে বিশাল—উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সক্ষমতার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ২০১৪ সালে। তখন ‘লাজারাস গ্রুপ’ নামে একটি পরিচিত হ্যাকার দল হলিউড স্টুডিও ‘সনি পিকচার্স’-কে লক্ষ্যবস্তু করে। এই সাইবার হামলায় প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, সংবেদনশীল ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি হয়, কর্মীরা তাদের কম্পিউটার ব্যবহার করতে অক্ষম হয়ে পড়েন এবং মুক্তি না পাওয়া চলচ্চিত্র ও নির্বাহীদের ই-মেইল অনলাইনে ফাঁস হয়ে যায়।
উত্তর কোরিয়া কেন সনি পিকচার্সকে লক্ষ্যবস্তু করেছিল?
কারণ তারা তখন সেথ রোজেন ও জেমস ফ্র্যাঙ্কোর বিতর্কিত কমেডি চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ চলচ্চিত্রে কিম জং উনকে হত্যার দৃশ্য দেখানো হয়েছিল।
এ ঘটনার দুই বছর পর সেই একই হ্যাকাররা ফিরে আসে, তবে এবার তাদের লক্ষ্য ছিল অর্থ। বাংলাদেশ ব্যাংকে সাইবার চুরির ঘটনায় তাদের জটিল কৌশল, সুনিপুণ পরিকল্পনা এবং বিশাল পরিসর দেখে বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। একটি ফিশিং ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা। ছুটির দিনের সুযোগ নিয়ে তারা এশিয়ার বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের ভুয়া নির্দেশ পাঠিয়ে প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।
সৌভাগ্যবশত, ভুয়া নির্দেশগুলোর মধ্যে থাকা একটি বিশেষ শব্দ সতর্কবার্তা হিসেবে কাজ করে, যার ফলে পরবর্তী লেনদেনগুলো আটকে যায়। তবে তার আগেই হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার নিয়ে সরিয়ে নিতে সক্ষম হয়।
সেই সময় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করেছিল এবং দেশটির অবৈধ আয়ের উৎসগুলো বন্ধ করার চেষ্টা চালাচ্ছিল। একই সময়ে অবশ্য বিকল্প আর্থিক ব্যবস্থা হিসেবে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে, যা শনাক্ত করা বা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ছিল।
কার্লসেন বলেন, ক্রিপ্টোকারেন্সি চুরি উত্তর কোরিয়ার জন্য ছিল একটি ‘আশীর্বাদ’ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ঠিক যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই এই সুযোগটি তাদের সামনে এসে যায়।
কার্লসেনের প্রাক্কলন অনুযায়ী, উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রতি বছর সম্ভবত কয়েক হাজার, এমনকি কয়েক লাখ সাইবার চুরির প্রচেষ্টার পেছনে রয়েছে। এর সবক’টিই অত্যন্ত জটিল বা উচ্চাভিলাষী তা নয়; বরং অনেক ক্ষেত্রেই তারা ‘সহজ ও দ্রুত লাভের’ পথ বেছে নেয়। যেমন—সাধারণ মানুষ বা প্রযুক্তি খাতের কর্মীদের কাছ থেকে কয়েকশ ডলার হাতিয়ে নেওয়া।
তারা কীভাবে এটি করে?
উত্তর কোরিয়ার প্রতিটি সাইবার হামলার পেছনে একটি সাধারণ বিষয় থাকে, আর তা হলো—মানুষের ভুল। কার্লসেন বলেন, ‘সব ক্ষেত্রেই তারা কোনো না কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে।’ একে বলা হয় ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’। এর মধ্যে রয়েছে ফিশিং ই-মেইল, ডিপফেক ফোন কল বা অন্য কারো ছদ্মবেশ ধারণ করা। এসব কৌশলের মূল উদ্দেশ্য হলো—লক্ষ্যবস্তু প্রতিষ্ঠানের ভেতর থেকে কাউকে ভুল করতে প্ররোচিত করা, যাতে হ্যাকারদের জন্য প্রবেশের পথ খুলে যায়।
অক্টোবর মাসে ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’ জানায়, তাদের এক কর্মীকে ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদে ফেলে প্রতারণা করা হয়েছিল এবং অন্য একজন কর্মী ভুলবশত ক্ষতিকারক সফটওয়্যার (ম্যালওয়্যার) ডাউনলোড করে ফেলেছিলেন। টিআরএম ল্যাবস-এর তথ্য অনুযায়ী, এরপর হ্যাকাররা বাইন্যান্সের ডিজিটাল ওয়ালেটে ঢুকে পড়ে এবং মাত্র ২০ মিনিটের মধ্যে ছয় বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সরিয়ে ফেলে। তবে প্রশ্ন থেকে যায়—কীভাবে ক্রিপ্টোকারেন্সিকে প্রকৃত নগদ অর্থে রূপান্তর করা হবে এবং তা উত্তর কোরিয়া অবাধে ব্যবহার করতে পারবে?
উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৫ সালে ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইবিট’-এ হামলার সময় হ্যাকাররা দেড় বিলিয়ন ডলার মূল্যের ইথেরিয়াম টোকেন (এক ধরনের ডিজিটাল সম্পদ) চুরি করে। এরপর তারা ‘ব্রিজ’ প্রযুক্তি ব্যবহার করে এসব ক্রিপ্টোকে বিটকয়েনে রূপান্তর করে। বিটকয়েন এমন একটি মুদ্রা ও প্ল্যাটফর্ম, যা অর্থ গোপন রাখার প্রয়োজনীয় সুযোগ দেয় এবং এতে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের জন্য পর্যাপ্ত তারল্য রয়েছে।
এরপর শুরু হয় অর্থ পাচারের এক জটিল প্রক্রিয়া। হ্যাকাররা বিভিন্ন ব্লকচেইনের মাধ্যমে বারবার অর্থ স্থানান্তর করে এবং ‘মিক্সার’ ব্যবহার করে অর্থের উৎস পুরোপুরি আড়াল করে ফেলে। এসবের মূল উদ্দেশ্য হলো, তদন্তকারী সংস্থাগুলো তাদের নাগাল পাওয়ার আগেই কিছুটা সময় হাতে পাওয়া।
যথেষ্ট সময় হাতে পাওয়ার পর তারা অর্থ হস্তান্তরের চূড়ান্ত ধাপটি সম্পন্ন করে। হ্যাকাররা চুরি করা ক্রিপ্টোকে ইউএসডিটি-তে রূপান্তর করে। এটি একটি ‘স্টেবলকয়েন’, যার মূল্য কোনো একটি নির্দিষ্ট মুদ্রার (এক্ষেত্রে মার্কিন ডলার) সঙ্গে যুক্ত থাকে, ফলে এর মূল্যে বড় ধরনের ওঠা-নামা হয় না। কার্লসেনের মতে, এরপর এই অর্থ চীনের অবৈধ ব্রোকারদের কাছে বিক্রি করে দেওয়া হয়। তিনি আরও জানান, এর বিনিময়ে উত্তর কোরিয়া চীনা ব্যাংকে জমা অর্থ, ইউনিয়ন পে কার্ড অথবা নগদ অর্থ পেয়ে থাকে, যা তারা পরবর্তীতে তাদের নিজস্ব অর্থ পাচার নেটওয়ার্কের মাধ্যমে সরিয়ে ফেলে।
চীন ২০২১ সালে সব ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও মাইনিং নিষিদ্ধ করেছিল। তবে এরপরও সেখানে অবৈধ ক্রিপ্টো কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ এগুলো দমনের প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৫ সালে চীনের কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছিল—ভার্চুয়াল মুদ্রা ও স্টেবলকয়েন অর্থ পাচার এবং সীমান্ত পেরিয়ে অর্থ স্থানান্তরের মতো অবৈধ কাজে ব্যবহৃত হতে পারে। যদিও তারা এক্ষেত্রে উত্তর কোরিয়ার কথা উল্লেখ করেনি।
সংবাদমাধ্যম সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
বাইন্যান্স থেকে চুরি হওয়া অর্থের ক্ষেত্রেও এখন একই ধরনের প্রক্রিয়া চলছে; হ্যাকাররা অর্থ পাচারের জন্য নতুন নতুন পথ ও কৌশল অবলম্বন করছে। টিআরএম ল্যাবস-এর তথ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে।
এটি কোনো নিখুঁত অপরাধ নয়। কার্লসেনের প্রাক্কলন অনুযায়ী, অসংখ্য লেনদেন ও রূপান্তরের প্রক্রিয়ায় এবং সরকারি সংস্থা বা ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কিছু অর্থ জব্দ হয়ে যাওয়ার ফলে, উত্তর কোরিয়া শেষ পর্যন্ত তাদের চুরি করা অর্থের মাত্র ৭৫ শতাংশ থেকে ৮৫ শতাংশ হাতে পায়। তবে বাইবিট বা বাইনান্সের মতো বড় কোনো চুরির ক্ষেত্রেও এটি একটি বিশাল অঙ্কের অর্থ।
পারমাণবিক অস্ত্রের জন্য অর্থায়ন
উত্তর কোরিয়ার শাসকের জন্য ক্রিপ্টোকারেন্সি চুরি আয়ের একটি অত্যন্ত প্রয়োজনীয় উৎস হয়ে দাঁড়িয়েছে। এটি এমন একটি উপায়, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো এড়িয়ে চলতে পারে। এসব নিষেধাজ্ঞা দীর্ঘকাল ধরে তাদের অর্থনীতিকে কোণঠাসা করে রেখেছে।
জাতিসংঘ নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেলের ২০২৪ সালের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার সাইবার কার্যক্রম তাদের বৈদেশিক মুদ্রা আয়ের অর্ধেক জোগান দেয়। কার্লসেনের মতে, এই অর্থ পেট্রোলিয়ামের মতো প্রয়োজনীয় পণ্য কিনতে অথবা চীনে বিক্রির জন্য নকল সিগারেট তৈরির কাঁচামাল সংগ্রহের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
তবে তাদের আরেকটি প্রধান অগ্রাধিকার হলো অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন করা। জাতিসংঘের সদস্যভুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একটি রাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্রের ৪০ শতাংশই আসে ‘অবৈধ সাইবার কার্যক্রমের’ মাধ্যমে।
সাইবার নিরাপত্তা সংস্থা ‘ডিটেক্স’-এর গবেষক মাইকেল বার্নহার্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘উত্তর কোরিয়া রাশিয়ায় সৈন্য, গোলাবারুদ ও অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম পাঠিয়েছে, যার পুরো অর্থায়নই হয়েছে এই একই ব্যবস্থার মাধ্যমে। এ কারণেই ক্রিপ্টো হ্যাকিং কেবল আক্রান্ত এক্সচেঞ্জের সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় নিরাপত্তার বিষয়।’
জাতিসংঘের প্রতিবেদনে বিভিন্ন দেশ, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলোকে বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য লেনদেন শনাক্ত করার জন্য উন্নত পর্যবেক্ষণ ও শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তুলতে।
তবে বিশেষজ্ঞরা বলেছেন, এসব আক্রমণ ঠেকানোর উপায় খুবই সীমিত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকারদের সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলায় ভবিষ্যতে এই আক্রমণগুলো আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। নভেম্বরের শুরুর দিকে এফবিআই উত্তর কোরিয়ার কার্যক্রম সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করে। সেখানে দেখা যায়, গত ১৮ মাসে তারা ‘ডিপফেক’ প্রযুক্তি এবং ভুয়া ভিডিও মিটিংয়ের মাধ্যমে বিশ্বজুড়ে ৪০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।
কার্লসেন বলেন, “বাইন্যান্সের চেয়ে বড় কোনো (ক্রিপ্টোকারেন্সি) এক্সচেঞ্জ নেই, তাই আমার মনে হয় না এর চেয়ে বড় কিছু করা তাদের পক্ষে সম্ভব। তবে একসময় আমি ভেবেছিলাম ‘বাইবিট’-এর চেয়ে বড় কিছু করা কঠিন হবে—অথচ দেখুন, আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি।”

এনটিভি অনলাইন ডেস্ক