শিল্পকলা একাডেমিতে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও মেলা
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৫ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসবে থাকছে বৈশাখী মেলাসহ লোকজ সংস্কৃতির নানা আয়োজন, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকঢোলের বাদন, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো এবং লাটিম খেলার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হবে।
উৎসবের কর্মসূচিতে রয়েছে জারিগান, পটের গান, বাউল গান, কবিগান, গম্ভীরা ও ভাওয়াইয়াসহ নানা লোকজ পরিবেশনা। এছাড়া একাডেমি ও বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমবেত নৃত্য, তারকা শিল্পীদের গান, ব্যান্ড সংগীত এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা থাকছে। বিশেষভাবে থাকবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস-এর পরিবেশনা।
আয়োজনে আরও থাকছে ‘রহিম বাদশা রূপবান কন্যা’ ও ‘বাছেরের বিয়ে’র মতো পুতুলনাট্য, অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী এবং চলচ্চিত্র প্রদর্শনী। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে দেশজ ঐতিহ্যের এই বিশাল সমাহার চলবে উৎসবের পুরো ৫ দিন জুড়ে।

বিনোদন ডেস্ক