শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের শোক
দেশবরেণ্য চিত্রশিল্পী, আধুনিক পাপেট শিল্পের পথিকৃৎ, শিল্প ও গণমাধ্যমব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ এবং স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ।
সাংস্কৃতিক সংগঠক, স্বাধীনতা চারুশিল্পী পরিষদের সদস্য সচিব এবং স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক, চিত্রশিল্পী আশরাফুল আলম পপলু মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে মুস্তাফা মনোয়ারের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বহুমুখী শিল্প ও সাংস্কৃতিকব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার গত সোমবার সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মুস্তাফা মনোয়ার ছিলেন একাধারে সৃজনশীল শিল্পী, সুনিপুণ কারিগর এবং স্বপ্নদ্রষ্টা।
বিবৃতিতে আশরাফুল আলম পপলু বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির প্রতিটি শাখায় তাঁর ছিল সক্রিয় ও গভীর পদচারণা। দেশের টেলিভিশন ও পাপেট শিল্পের বিকাশে তাঁর রয়েছে অনন্য অবদান। পাপেটের ‘পারুল’, কার্টুনের ‘মীনা’ চরিত্র, টেলিভিশনের নতুন কুঁড়িসহ শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য অসংখ্য অনুষ্ঠান নির্মাণ ও পরিচালনা করেছেন। প্রযোজনা করেছেন রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’সহ অনেক কালজয়ী নাটক। এছাড়া চারুকলার প্রতিটি শাখায় তাঁর বিচরণ ছিল ঈর্ষণীয়। কলকাতা আর্ট কলেজে পড়ার সময় বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর জল রং চিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন।
রাষ্ট্রভাষা থেকে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি আন্দোলনে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও অবদান। তিনি কেবল একজন শিল্পীই ছিলেন না, বরং ছিলেন এক প্রজ্ঞাবান শিক্ষক, সংস্কৃতির অভিভাবকও; যাঁর প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে শিল্প ও সংস্কৃতির আলোয় উদ্ভাসিত করবে।
মুস্তাফা মনোয়ার নবম শ্রেণিতে পড়ার সময় নারায়নগঞ্জে রাষ্ট্রভাষা আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে প্রতিবাদী ছবি এঁকে প্রদর্শনী করেন। সে কারণে তাঁকে জেলেও যেতে হয়েছিল।
তাঁর প্রস্থানে বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি হলো। শিল্প ও সংস্কৃতির এই অভিভাবকের অনুপস্থিতি আমাদের সংস্কৃতি অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি করবে, যা সহজে পূরণ হবার নয়।
স্বাধীনতা চারুশিল্পী পরিষদ এবং স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ এই মহান শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। সংগঠনদ্বয় তাঁর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী এবং অগণিত শুভানুধ্যায়ীর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক