শিল-পাটা দিয়ে বাবাকে মাথা থেঁতলে হত্যার অভিযোগ
পটুয়াখালীর মির্জাগঞ্জে শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে ঘুমন্ত বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৪টার দিকে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী (লঞ্চঘাট এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবা হলেন উত্তম দেবনাথ (৬০)। আর ছেলের নাম তাপস দেবনাথ (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও ছেলে তাপস দেবনাথ নিজ ঘরে এবং উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে তাপস দেবনাথ ঘুম থেকে উঠে ঘরে রাখা শিল-পাটা (মশলা বাটার কাজে ব্যবহৃত) দিয়ে উত্তম দেবনাথের কপালের ডান পাশের ভ্রুর ওপর আঘাত করে। এসময় উত্তম দেবনাথ ডাক-চিৎকার দিলে স্ত্রী কানন দেবনাথ ঘরে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখেন। প্রতিবেশীরাও ছুটে এসে উত্তম দেবনাথকে কপালের ডান পার্শ্বের ভ্রুর ওপর রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন থানা পুলিশে খবর দিলে পুলিশ সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উত্তম দেবনাথের মরদেহ উদ্ধার করে। এসময় ছেলে তাপসকে আটক করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে তাপসকে আটক করা হয়েছে।

কাজল বরণ দাস, পটুয়াখালী