কপ-২৬ সম্মেলনে ‘নোনা জলের কাব্য’ প্রদর্শিত
গত এক বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো ‘নোনা জলের কাব্য’ এবার স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬-এ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
গত ৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের অফিশিয়াল গ্রিন জোন হিসেবে আখ্যায়িত গ্লাসগো সায়েন্স সেন্টারে ৮০ ফিট-এর আইম্যাক্স থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেছে ‘নোনা জলের কাব্য’ সিনেমার স্ক্রিনিং। ছবিটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত বর্তমানে গ্লাসগোতে অবস্থান করছেন।
আগামী ২৬ নভেম্বর এ সিনেমা ঢাকায় মুক্তি পাচ্ছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত প্রথম এই সিনেমার বাংলাদেশে পরিবেশক স্টার সিনেপ্লেক্স।
‘নোনা জলের কাব্য’ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।
দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাঁদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই চলচ্চিত্রের মূল বিষয়।
‘নোনাজলের কাব্য’ প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরাদ। জিরাদ ‘মার্চ অব দ্য পেঙ্গুইন’, ‘গুডবাই বাফানা’, ‘ফাইনাল পোর্ট্রেট’-এর মতো বিখ্যাত কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ।
এ ছাড়া বাংলাদেশ থেকে ছবিটির নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর হাফ স্টপ ডাউন। সম্পাদনা করেছেন আমেরিকার ক্রিস্টেন স্প্রাগ, রোমানিয়ার লুইজা পারভ্যু ও ভারতের শঙ্খ। শব্দ ও রং সম্পাদনার কাজটি হয়েছিল প্যারিসের দুটি বিখ্যাত স্টুডিওতে।

বিনোদন ডেস্ক