সজলের জাদুঘরের নাম কষ্ট
অভিনেতা আব্দুন নুর সজল একটি জাদুঘর নির্মাণ করেছেন। তবে এটা পৃথিবীর অন্য সব জাদুঘরের চেয়ে আলাদা। কারণ, সজলের এই জাদুঘরে প্রাণভরে কান্না করা যায়। এমন একটি জাদুঘর নির্মাণ করে গোটা দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছেন সজল। তবে এই দৃশ্য বাস্তবের নয়। ‘জাদুঘরের নাম কষ্ট’ শিরোনামে একটি নাটকের দৃশ্য এটি।
সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন আব্দুন নুর সজল, হিমি, মারজুক রাসেল, রতন, শায়মা রুশো, আনোয়ার, রুশ খান, পারভিন, মিথিলাসহ অনেকেই।
জানা গেছে, ইজাজ আহমেদ মিলনের গল্পে ও মিজানুর রহমান বেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি।
নাটকের গল্পে দেখা যাবে, সারা নামের এক মেয়েকে মন উজাড় করে ভালোবেসেছিলেন অপূর্ব। কিন্তু সারা অপূর্বকে বিয়ে না করে জাহিদকে বিয়ে করে। কারণ, সারার বাবা হার্টের রোগী। সারা বাবাকে বাঁচাতে ভালোবাসাকে বিসর্জন দেয়। অপূর্ব সারার ভালোবাসা না পেয়েও সারার জন্য একটি জাদুঘর নির্মাণ করে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক জনি বলেন, ‘ভিন্ন রকম ভালোবাসার গল্প দর্শক নাটকটিতে দেখতে পাবেন, যেখানে প্রিয় মানুষটির জন্য বড় ধরনের ত্যাগের উদাহরণ দেখা যাবে। সজল, হিমি ও মারজুক তিনজনই দারুণ অভিনয় করেছেন। তাঁরা চরিত্রকে পারফেক্টভাবে পর্দায় তুলে ধরতে নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করেছেন। এই ভালোবাসার গল্পটি দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক।’
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

বিনোদন ডেস্ক